কলকাতা: দশমীর সন্ধ্যায় নিউ টাউন বিশ্ববাংলা গেটের উপরের ঝুলন্ত রেস্তোরাঁ আগুন। রেস্টুরেন্টে আচমকা আগুন লেগে যায়। সেই সময় রেস্টুরেন্টে লোকজন ছিল। তাদেরকে তড়িঘড়ি নামিয়ে আনা হয়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। দমকলের একটা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছচ্ছে। আগুন নেভানোর চেষ্টা চলছে। ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ।
নিউটাউন গেটের উপরে রেস্তোরায় সন্ধ্যে সাড়ে ছটায় আচমকা আগুন লাগে।অগ্নিকাণ্ডের জেরে হুড়োহুড়ি পড়ে যায় রেস্তোরাঁর ভিতরে। ঝুলন্ত ওই রেস্তোরাঁ থেকে লিফট এবং সিঁড়ি দিয়ে নামার ব্যবস্থা আছে। কিন্তু অতটা উপরে ওই পরিস্থিতিতে কীভাবে নামবেন, তা ভেবেই আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। প্রত্যেককেই সুরক্ষার সঙ্গে নীচে নামিয়ে আনা সম্ভব হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ। দমকল এবং পুলিশের তৎপরতায় খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিধাননগর পুলিশ কমিশনার রাঠোর অমিত কুমার ভারত জানান, “আগুন লেগেছিল ৬.৩০ নাগাদ। ফায়ার ব্রিগেড এবং পুলিশ খুব তাড়াতাড়ি এটা নিয়ন্ত্রণে এনেছে। দ্রুত যান চলাচলও স্বাভাবিক করে পুলিশ।তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে যাতে পুরো বিষয়টির একটি সিকিউরিটি অডিট করা হয়। কিভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। বড় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।




