কলকাতা: চোরবাগানের দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে আজ ও কাল দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাড়ি বাড়ি গিয়ে মৃতদের পরিজনদের হাতে আর্থিক সাহায্য হিসেবে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেবেন তিনি। অন্য দিকে, চোরবাগানের ঘটনা নিয়ে গুজব ছড়িয়ে কোচবিহারে গ্রেফতার হয়েছেন এক জন।
চোরবাগানের ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাড়ি বাড়ি গিয়ে পরিজনদের হাতে আর্থিক সাহায্য বাবদ ২৫ লক্ষ টাকার চেক তুলে দেবেন। দুর্ঘটনার দিন মণ্ডপের একাংশ ভেঙে পড়ছে বলে ভিড়ের মধ্যে কেউ বা কারা ঘোষণা করেছিলেন বলে অভিযোগ। সেই ঘোষণার জেরেই আতঙ্ক ছড়িয়ে হুড়োহুড়ি ও পদপিষ্টের ঘটনা ঘটে। কে বা কারা, কার নির্দেশে ওই ঘোষণা করেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার নেপথ্যে কোনও পরিকল্পিত চক্রান্ত ছিল কি না, সেই সম্ভাবনাও তদন্তের আওতায় রয়েছে।
সোমবার কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান কুণাল আগরওয়াল জানান, গোটা মণ্ডপে মোট ৩০টি সিসি ক্যামেরা ছিল। তার মধ্যে ঘটনাস্থলের ফুটেজ উঠে এসেছে ১৩টিতে। সেই ফুটেজ বিশ্লেষণ করে দেখা গিয়েছে, বৃষ্টির কারণে প্রস্থানপথ ভিড়ে বন্ধ হয়ে যায়। অথচ বন্ধ করা হয়নি মণ্ডপের প্রবেশপথ। ভিতরেও তখন ছিল ভিড়। অভিযোগ, সে সময় মণ্ডপের ভিতরে ঘোষণা করা হয়, তার একাংশ ভেঙে পড়ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, মণ্ডপের কোনও অংশ ভেঙে পড়েছে বলে তারা প্রমাণ পায়নি।




