ওয়েব ডেস্ক: প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য বিদেশি গুপ্তচর সংস্থার কাছে পাচারের অভিযোগ উঠল ভারতীয় সেনার এক শীর্ষ আধিকারিকের স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ওই মহিলা তেলঙ্গানার বাসিন্দা হলেও বর্তমানে জম্মুর গান্ধীনগর থানা এলাকায় থাকেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শিক্ষাবিদের ছদ্মবেশে চীনা গুপ্তচররা ওই মহিলার সঙ্গে যোগাযোগ করেছিল। প্রথমে পরিবেশ ও ভূ-রাজনীতি সংক্রান্ত লেখালেখির প্রস্তাব দেওয়া হয় তাঁকে। সেই সূত্রে প্রবন্ধও লেখানো হয়। পরে ধীরে ধীরে আলোচনার বিষয়বস্তু প্রতিরক্ষা সংক্রান্ত কৌশলগত ও সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ তথ্যের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। তদন্তকারীদের অনুমান, যোগাযোগের আড়ালে গুপ্তচরবৃত্তির বিষয়টি বুঝতে পারেননি ওই মহিলা।
গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পরেই শুরু হয় নজরদারি। তদন্তকারীদের অভিযোগ, মহিলা গোপনে সংবেদনশীল নথি, ছবি ও বৈদ্যুতিন তথ্য সংগ্রহ করে এনক্রিপ্টেড চ্যানেলের মাধ্যমে বিদেশি সংস্থার কাছে পাঠাচ্ছিলেন।
তবে ঠিক কী ধরনের নথি পাচার করা হয়েছে, কতটা তথ্য বিদেশি সংস্থার হাতে পৌঁছেছে এবং অভিযুক্তের সঙ্গে যোগাযোগকারী ব্যক্তিদের পরিচয় কী, সে বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি পুলিশ। তল্লাশি চালিয়ে কোনও নথি বা বৈদ্যুতিন তথ্য উদ্ধার করা হয়েছে কি না, তা-ও স্পষ্ট নয়।




