HomeBig Breakingপুরভোটে ৫০ আসনের দাবি NCPI-এর

পুরভোটে ৫০ আসনের দাবি NCPI-এর

বিজেপির ঘাড়ে চেপে রাজনৈতিক জমি খোঁজার চেষ্টা!

ওয়েব ডেস্ক: কলকাতা পুরভোটে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব জানান দিতে এ বার বিজেপির সঙ্গে আসন-রফার পথে হাঁটতে চাইছে তৃণমূল ছেড়ে তৈরি হওয়া এনসিপিআই। দলীয় সূত্রের দাবি, বিজেপির সঙ্গে সমঝোতা চূড়ান্ত হলে কলকাতার ৫০টি ওয়ার্ডে প্রার্থী দিতে চায় তারা। কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্বের একাংশের অবস্থান স্পষ্ট—পুরভোটে নিজেদের শক্তিতেই লড়াই করতে চায় পদ্মশিবির। ফলে ভোটের আগে বিজেপির কাঁধে ভর করে রাজনৈতিক জমি খোঁজার এনসিপিআইয়ের এই উদ্যোগ কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে সংশয় থাকছেই।

নভেম্বরের শেষে কলকাতা পুরসভার নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনে প্রাসঙ্গিক হয়ে উঠতে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করেছেন এনসিপিআই নেতা তথা উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, উত্তর ও দক্ষিণ কলকাতায় ২০টি করে মোট ৪০টি ওয়ার্ড এবং যাদবপুর লোকসভা এলাকার পাঁচটি ওয়ার্ড-সহ আরও পাঁচটি ওয়ার্ডে প্রার্থী দেওয়ার প্রস্তাব নিয়ে কথাবার্তা এগিয়েছে। যদিও আসন নিয়ে আলোচনা এগোলেই যে সমঝোতা চূড়ান্ত, এমনটা মনে করছে না রাজনৈতিক মহল।

এনসিপিআইয়ের প্রার্থীরা কোন প্রতীকে লড়বেন, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। বিজেপির প্রতীকে, নাকি বিজেপি-সমর্থিত জোটের প্রার্থী হিসেবে তাঁরা ভোটে নামবেন, সেই সিদ্ধান্ত এখনও হয়নি। দিল্লির আলোচনার ভিত্তিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও বার্তা পৌঁছেছে বলে দলীয় সূত্রের খবর। তবে রাজ্য নেতৃত্বের সম্মতি এবং স্থানীয় স্তরে কর্মীদের সহযোগিতা ছাড়া এই সমঝোতা কার্যকর করা কঠিন।

অন্য দিকে, বিজেপির অন্দরেও প্রার্থী হওয়ার দাবিদারের সংখ্যা কম নয়। ওয়ার্ড পুনর্বিন্যাসের পরে কলকাতায় আসনসংখ্যা বাড়লেও প্রতিটি ওয়ার্ডে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে পদ্মশিবির। এখনও পর্যন্ত ২০৯টি আসনকে সামনে রেখেই প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রের খবর। এই পরিস্থিতিতে এনসিপিআইয়ের জন্য ৫০টি আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব বিজেপির স্থানীয় কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি করতে পারে। তৃণমূল ছেড়ে আসা নেতাদের নতুন দলের রাজনৈতিক গ্রহণযোগ্যতা কতটা, তার পরীক্ষাও হবে এই পুরভোটে। বিজেপির সমর্থন ছাড়া এনসিপিআই নিজের শক্তিতে কতটা লড়তে পারে, সেই প্রশ্নের উত্তরও আপাতত অজানা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments