ওয়েব ডেস্ক: রঞ্জি ট্রফির প্রথম দিনেই দাপট বাংলার! কল্যাণীতে পেস ও স্পিনের যুগলবন্দিতে দিল্লিকে ২৪০ রানেই গুটিয়ে দিল অভিমন্যু ঈশ্বরনের দল। আর বল হাতে ফের নিজের জাত চেনালেন মহম্মদ সামি। মাত্র ৩০ রান খরচ করে চার উইকেট তুলে নিলেন বাংলার তারকা পেসার। সঙ্গে ন’টি মেডেন ওভার! সামির আগুনে বোলিংয়ের পাশাপাশি আমির গনির ঘূর্ণিতে দিশাহারা দিল্লির ব্যাটাররা।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অভিমন্যু। শুরুতেই আঘাত হানেন আকাশ দীপ ও সামি। মাত্র ২৬ রানের মধ্যেই দু’টি উইকেট হারিয়ে চাপে পড়ে দিল্লি। পরে সার্থক রঞ্জন ও আয়ুষ দোসেজা প্রতিরোধ গড়লেও তা দীর্ঘস্থায়ী হয়নি। দোসেজা করেন ৪৫ রান, সার্থকের সংগ্রহ ৩৩। দিল্লির হয়ে সর্বোচ্চ ৫৬ রান ঋত্বিক শৌকিনের। কিন্তু আমির গনির তিন উইকেট ও সামির চতুর্থ শিকার হতেই শেষ হয়ে যায় দিল্লির লড়াই।
আকাশ দীপের ঝুলিতে দু’টি, মুকেশ কুমারের একটি উইকেট। ৭৭.৩ ওভারেই ২৪০ রানে অলআউট দিল্লি। প্রথম দিনেই ম্যাচে চালকের আসনে বাংলা। এ বার ব্যাট হাতে কতটা দাপট দেখান অভিমন্যুরা, নজর সেদিকেই।




