ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া ঘিরে ফের তৈরি হল অনিশ্চয়তা। নির্ধারিত দিনেও প্রকাশিত হচ্ছে না বিশেষ সংক্ষিপ্ত সংশোধন বা স্পেশাল সামারি রিভিশন (SSR)-এর খসড়া ভোটার তালিকা। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এই কর্মসূচি আপাতত স্থগিত রাখার কথা জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। অনিবার্য পরিস্থিতির কথা উল্লেখ করা হলেও ঠিক কী কারণে এই সিদ্ধান্ত, তা স্পষ্ট করা হয়নি। কবে নতুন করে খসড়া তালিকা প্রকাশিত হবে, তাও জানানো হয়নি।
প্রাথমিকভাবে ২০ নভেম্বর খসড়া তালিকা প্রকাশের কথা থাকলেও পরে তা পিছিয়ে ২৩ নভেম্বর করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সূচিতেও স্থির থাকতে পারল না নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী সময়ে সংশোধিত কর্মসূচি ঘোষণা করা হবে।
আরও পড়ুন
বাংলার আদিবাসী এলাকায় বিদেশি মদতে ধর্মান্তকরণ, বিস্ফোরক অভিযোগ শমীক ভট্টাচার্যের
এই সিদ্ধান্তের ফলে ভোটার তালিকা সংশোধনের পরবর্তী ধাপগুলিও অনিশ্চিত হয়ে পড়ল। আগের সূচি অনুযায়ী, ২৩ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ভোটারদের দাবি ও আপত্তি জানানোর সুযোগ দেওয়ার কথা ছিল। ৮ জানুয়ারির মধ্যে সেই আবেদনগুলির নিষ্পত্তি করে ১৬ জানুয়ারি ২০২৭ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা ছিল।
বিশেষভাবে গুরুত্বপূর্ণ, আগামী ১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাঁরাও নতুন করে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পেতেন।
অন্যদিকে, এসআইআর পর্বে বাদ পড়া নামের নথি যাচাই এবং ট্রাইব্যুনালের কাজের অগ্রগতি নিয়েও আলোচনা চলছে। প্রশাসনিক জটিলতা ও বুথ পুনর্বিন্যাসের কাজ অসম্পূর্ণ থাকার বিষয়টিও সামনে এসেছে। তবে এগুলির কোনওটিকেই স্থগিতাদেশের সরকারি কারণ হিসেবে ঘোষণা করা হয়নি।
ফলে আপাতত নতুন বিজ্ঞপ্তির অপেক্ষায় রাজ্যের ভোটাররা। বিশেষত আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করার এই প্রক্রিয়ার সময়মতো সম্পন্ন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।




