HomeLive Updatesঅমিত শাহের সঙ্গে বৈঠকে বাংলার উন্নয়ন, একাধিক প্রকল্পে ছাড়পত্রের প্রত্যাশা শুভেন্দুর

অমিত শাহের সঙ্গে বৈঠকে বাংলার উন্নয়ন, একাধিক প্রকল্পে ছাড়পত্রের প্রত্যাশা শুভেন্দুর

দিল্লি সফরের গুরুত্ব পেল রাজ্যের প্রকল্পের ভবিষ্যৎ

ওয়েব ডেস্ক: দিল্লির দরবারে শুধু রাজনৈতিক উপস্থিতি নয়, বাংলার উন্নয়নের অসমাপ্ত খতিয়ান মেটানোর তাগিদ নিয়ে হাজির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে সরকার বদলের পর কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের প্রশ্নে যে নতুন উদ্যোগ শুরু হয়েছে, তাঁর দিল্লি সফর তারই গুরুত্বপূর্ণ পর্ব। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে রাজ্যের প্রশাসনিক পরিস্থিতি থেকে পরিকাঠামো—একাধিক বিষয়ে আলোচনা করে কেন্দ্রের সহযোগিতা চাইলেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার অমিত শাহের বাসভবনে প্রায় এক ঘণ্টা ধরে চলে বৈঠক। বাংলার আইনশৃঙ্খলা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে ডোকরা শিল্পের তৈরি দুর্গাপ্রতিমা উপহার দিয়ে বাংলার লোকশিল্পের ঐতিহ্যও তুলে ধরেন শুভেন্দু। তবে এই সফরের রাজনৈতিক তাৎপর্যের চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে রাজ্যের আটকে থাকা প্রকল্পগুলির ভবিষ্যৎ।

আরও পড়ুন

মোদির কূটনৈতিক নেতৃত্ব নিয়ে রাহুলের নিশানা, পাল্টা তাঁর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ বিজেপির

বিশেষ করে চিংড়িঘাটা মেট্রো জট কাটানোর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অরেঞ্জ লাইনের সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিনের জটিলতা কাটাতে রাজ্য সরকারের উদ্যোগকে সাফল্য হিসেবে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগের সরকার ১৭ মাসেও যে সমস্যার সমাধান করতে পারেনি, তাঁর সরকার মাত্র ১৭ দিনে তা মিটিয়েছে। কাজ শেষ হওয়ার পাশাপাশি ট্রায়াল রানও হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকেও বাংলার রেল যোগাযোগের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন শুভেন্দু। নন্দীগ্রাম, হিলি এবং গঙ্গাসাগর পর্যন্ত রেল সংযোগ সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার আর্জি জানিয়েছেন তিনি। কেন্দ্রের সঙ্গে সংঘাত নয়, সমন্বয়কে উন্নয়নের হাতিয়ার করাই যে নতুন সরকারের কৌশল, দিল্লি সফরে সেই বার্তাই স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। এবার প্রতিশ্রুতির বাস্তবায়নই হবে তাঁর সরকারের সাফল্যের মাপকাঠি।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments