ওয়েব ডেস্ক: গণ আন্দোলনের মুখে পড়ে ২০২৪ সালের ৫ আগস্ট বাধ্য হয়ে দেশত্যাগ করেছিলেন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দেশত্যাগ ছিল নাটকীয়তায় ঘেরা। এরপরে বারংবার তাঁকে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে। অবশেষে বাংলাদেশের বিজয় দিবস ১৬ ডিসেম্বর দেশে ফিরতে পারেন বলে জানা যাচ্ছে। তাঁর ফেরার সম্ভাবনা তৈরি হতেই দেশজুড়ে সক্রিয় হয়েছে আওয়ামী লীগ। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় অশান্তি ঠেকাতে পাহারা দিতে নেমেছেন বিএনপি এবং জামাতরা।
জানা গিয়েছে, ভারতের সীমান্ত এলাকায় যাতে অশান্তি ছড়িয়ে না পড়ে, তারজন্য রাত জেগে টহল দিচ্ছেন তাঁরা। সীমান্তে অনুপ্রবেশ, মাদক চোরাচালান রুখতে সজাগ রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীও। সীমান্ত এলাকায় বাইক নিয়ে টহল দিচ্ছে জামাত বাহিনীর সদস্যারা। আওয়ামী লীগ বিক্ষোভ দেখাতে পারে, এই আশঙ্কা থেকে আগাম প্রস্তুতি নিচ্ছে বিএনপিও।
বিজিবি সূত্রে খবর, কয়েক দিনের ঘটনা দেখে সীমান্ত নিরাপত্তায় স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন এলাকার মানুষ আমাদের সাহায্য করতে এগিয়ে আসছেন। তাঁরা সীমান্তরক্ষী বাহিনীকে সাহায্য করলেও নিরাপত্তার দায়িত্ব বিজিবি-র হাতেই থাকছে। বাংলাদেশের দিনাজপুর এলাকায় বিজিবির সঙ্গে নজরদারি চালাচ্ছেন স্থানীয়দের একাংশ। বেনাপোল, কুমিল্লাতেও স্থানীয়দের পাহারা এবং নজরদারি চলছে।
দলীয় নেত্রীর দেশে ফেরার দিন যত এগিয়ে আসছে, ততই সর্বশক্তি দিয়ে রাজনীতির ময়দানে সক্রিয় হতে চাইছে আওয়ামী লীগ। দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক বন্দিদের মুক্তি-সহ আট দফা দাবিতে রবি এবং সোমবার সারা দেশে ‘লকডাউন’-এর ডাক দিয়েছে তারা। এই নিয়ে বাংলাদেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তিও হতে দেখা গিয়েছে।




