শিল্পিকা চট্টোপাধ্যায় : সংসদের বিশেষ অধিবেশন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। আসনবৃদ্ধি, লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল পেশের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। তার আগেই দলের সাংসদদের নিয়ে ঘর গোছাতে শুরু করল বিজেপি। রবিবার দিল্লিতে নিজের বাসভবন ৭, লোককল্যাণ মার্গে বিজেপির সংসদীয় দলের কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে, দলের সমস্ত লোকসভা সাংসদের জন্য তিন লাইনের হুইপ জারি করে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সংসদে উপস্থিতি বাধ্যতামূলক করল বিজেপি।
প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, জেপি নাড্ডা, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু-সহ দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকের পর এক্স হ্যান্ডলে একাধিক ছবি প্রকাশ করেন মোদি। সেখানে তিনি জানান, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। যদিও আলোচনার বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ্যে আসেনি।
বৈঠকের পরেই বিজেপির তিন লাইনের হুইপ প্রকাশ্যে আসে। তাতে স্পষ্ট, বিশেষ অধিবেশনে গুরুত্বপূর্ণ বিল পেশ ও পাশের সময় কোনও সাংসদের অনুপস্থিতি চাইছে না দল। সরকারের অবস্থানকে সমর্থন জানাতে প্রত্যেক লোকসভা সাংসদকে নির্দেশ দেওয়া হয়েছে।

৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন চলার কথা। এই অধিবেশনে তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশের প্রস্তুতি নিয়েছে কেন্দ্র। আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ কার্যকর করার প্রশ্নে শাসক ও বিরোধী শিবিরের অবস্থান ইতিমধ্যেই আলাদা হতে শুরু করেছে। ফলে সংসদের আসন্ন অধিবেশন শুধু আইন প্রণয়নের মঞ্চ নয়, রাজনৈতিক শক্তি পরীক্ষার ক্ষেত্রও হয়ে উঠতে চলেছে।




