HomeBig Breakingমোদি-শাহ জমানাকে কি চ্যালেঞ্জের বার্তা সোনিয়ার?

মোদি-শাহ জমানাকে কি চ্যালেঞ্জের বার্তা সোনিয়ার?

বইয়ের পাতায় রাজনৈতিক লড়াই

কণাদ দাশগুপ্ত

ইতালির ছোট্ট শহর থেকে ভারতের রাজনীতির কেন্দ্রবিন্দু। ব্যক্তিগত প্রেম, পারিবারিক শোক আর দীর্ঘ রাজনৈতিক যাত্রার পাশাপাশি এবার আত্মজীবনীতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক দর্শন নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন সোনিয়া গান্ধী। তাঁর সদ্য প্রকাশিত বই ‘Belonging: A Journey of Love’ ঘিরে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের রাজনৈতিক অবস্থানকে আরও স্পষ্ট করার কৌশল কি এই বই? সেই প্রশ্নও উঠছে রাজনৈতিক মহলে।

বইয়ে মোদির সঙ্গে নিজের সম্পর্ক এবং তাঁর রাজনৈতিক দর্শন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন সোনিয়া। তাঁর বক্তব্য, মোদির ভারতভাবনা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের আদর্শ দ্বারা প্রভাবিত। অন্য দিকে, তাঁর নিজের ভারতভাবনার ভিত্তি বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষতা, সাম্য এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ। দুই নেতার আদর্শিক অবস্থানের এই ফারাকই বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়।

মোদির সঙ্গে গত ১২ বছরে কার্যত কোনও অর্থপূর্ণ কথোপকথন হয়নি বলেও জানিয়েছেন সোনিয়া। সংসদে বিরোধীদের প্রতি প্রধানমন্ত্রীর ভাষা ও আচরণ নিয়েও সমালোচনা করেছেন তিনি। একই সঙ্গে মোদির সাধারণ পরিবার থেকে উঠে আসার অভিজ্ঞতা এবং অভিজাত শ্রেণির প্রতি তাঁর অস্বস্তির বিষয়টিও উল্লেখ করেছেন।

বাবরি মসজিদ ধ্বংস, অপারেশন ব্লু স্টার, জরুরি অবস্থা, ২০০২ সালের গুজরাত দাঙ্গা এবং ২০০৪ সালে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ না করার সিদ্ধান্ত—বইয়ে ফিরে এসেছে একাধিক বিতর্কিত রাজনৈতিক অধ্যায়।

বিজেপির অভিযোগ, গান্ধী পরিবারের অতীতকে আড়াল করতেই বেছে বেছে ইতিহাস তুলে ধরেছেন সোনিয়া। কংগ্রেসের পাল্টা বক্তব্য, ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশের অধিকার রয়েছে তাঁর।

সোনিয়া অবশ্য বইটিকে রাজনৈতিক নয়, ব্যক্তিগত স্মৃতিকথা বলেই বর্ণনা করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments