সঞ্চারী পূততুন্ড
২০২৩ সালে পাটনায় ২৬টির বেশি বিরোধী দলের সমন্বয়ে তৈরি হয়েছিল বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’। বারংবার তাঁদের একই ছাতার তলায় আসতে দেখা গিয়েছিল। এবার সেই শিবিরেই ভাঙনের পরিস্থিতি। ভাঙনের মঞ্চ তৈরি হয়েছে ডিলিমিটেশন বিলকে ঘিরে। বিজেপির বিরুদ্ধে একজোট হয়েছিল বিরোধীরা। সেই জোটে যখন ভাঙন দেখা দিচ্ছে, তা রুখতে তৎপর কংগ্রেস। স্ট্যালিনের ডিএমকে ও শরদ পাওয়ারের এনসিপিকে ধরে রাখতে ঝাঁপিয়েছে হাত শিবির। এমকে স্ট্যালিন এবং শরদ পওয়ারের দুয়ারে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে দিল্লি থেকে বিমানে চেন্নাইতে গিয়ে ডিএমকে প্রধান স্ট্যালিনের সঙ্গে সাক্ষাত করেন কংগ্রেস নেতৃত্ব। শরদ পাওয়ারের সঙ্গেও তাঁদের সাক্ষাৎ করার কথা রয়েছে।
সোমবার লোকসভায় বিশেষ অধিবেশন রয়েছে। সেখানে ডিলিমিটেশন বিল আনার কথা রয়েছে। এই বিল সমর্থন করার কথা এনডিএ-কে জানিয়েছে ডিএমকে ও এনসিপি। এই দুইপক্ষকে ফের নিজেদের দিকেই টানতে উদ্যোগী হয়েছে কংগ্রেস। কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে না সরার কথাই বলেছেন স্ট্যালিন। রবিবারই এই বিষয় নিয়ে সোশ্যাল মিডায়াতে নিজের কথাও পোস্ট করেছেন স্ট্যালিন।
তিনি লিখেছেন, সংবিধান এবং অঙ্গরাজ্যগুলোর অধিকার রক্ষায় ডিএমকে (DMK)-এর ঐতিহাসিক ভূমিকার কথা স্বীকার করার জন্য রাহুল গান্ধীকে ধন্যবাদ। তিনি সর্বদা তামিলনাড়ু এবং তামিল জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিটি সিদ্ধান্ত নিয়েছেন। এই পথে আমরা কোনওরকম আপস করবেন না। তিনি নিশ্চিত, ইতিহাস এই সিদ্ধান্তের জন্য বীর যোদ্ধা হিসেবেই মূল্যায়ন করবে, বিশ্বাসঘাতক হিসেবে নয়।
নরেন্দ্র মোদি সরকারের প্রস্তাবিত নির্বাচনী কেন্দ্র পুনর্বিন্যাস বিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন প্রবীণ রাজনীতিক শরদ পওয়ার। আর সেই সিদ্ধান্তের কথা জানাতেই সরাসরি কংগ্রেস নেতৃত্বকে ফোন করেছেন তিনি। শুধু সিদ্ধান্ত জানানোই নয়, কেন কেন্দ্রের এই বিতর্কিত বিলকে সমর্থন করছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন।নিজের দলের ঐক্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত। শরদ পাওয়ারের এনসিপি, ডিএমকের সমর্থন পেয়ে প্রায় ম্যাজিক ফিগারের কাছে পৌঁছে গিয়েছে এনডিএ। কিন্তু অনেক বেশি সমর্থন পেতে তৎপর বিজেপি শীর্ষ নেতৃত্ব। ডিএমকে, বিআরএস, ওয়াইএসআরসিপি, টিডিপি, জনসেনা এবং জেডি(এস)-এর সমর্থনের ফলে দক্ষিণী রাজ্যগুলির প্রায় ৬০ শতাংশ সাংসদ এই সীমানা পুনর্বিন্যাস প্রক্রিয়াকে সমর্থন করবেন বলে আশা করা হচ্ছে।
ঝাড়খন্ড মুক্তি মোর্চাও অন্য কিছু ভাবছে। এতদিন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক হওয়া সত্ত্বেও হেমন্ত সোরেন মহিলা সংরক্ষণ বিলকেই সমর্থন করার কথা ভাবছেন। সব মিলিয়ে রবিবার সকাল পর্যন্ত দেখা যাচ্ছে যে ডিলিমিটেশন ইস্যুতে ইন্ডিয়া জোটে রীতিমতো ফাটল তৈরি হয়েছে।




