কণাদ দাশগুপ্ত
বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ কি বদলে দিতে চলেছে কয়েকটি নতুন সীমানার রেখা? বিধানসভা কেন্দ্রের পুনর্বিন্যাস কার্যকর হলে পশ্চিমবঙ্গে আসনসংখ্যা এক ধাক্কায় ২৯৪ থেকে বেড়ে হতে পারে ৪৪১। অর্থাৎ বিধানসভায় যোগ হতে পারে আরও ১৪৭টি আসন। শুধু বিধানসভা নয়, লোকসভাতেও বাংলার রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ার সম্ভাবনা। বর্তমান ৪২টি লোকসভা কেন্দ্র বেড়ে হতে পারে ৬৩টি। বাস্তবায়িত হলে স্বাধীনতার পর রাজ্যের নির্বাচনী মানচিত্রে এটি হবে অন্যতম বড় পরিবর্তন।
আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন নিছক প্রশাসনিক প্রক্রিয়া নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে আগামী দিনের রাজনৈতিক ক্ষমতার অঙ্ক, জনসংখ্যার বিন্যাস এবং নির্বাচনী প্রতিনিধিত্বের প্রশ্ন। নতুন করে কেন্দ্রের সীমানা নির্ধারিত হলে বহু পরিচিত বিধানসভা কেন্দ্রের অস্তিত্ব ও ভৌগোলিক পরিচয় বদলে যেতে পারে। কোথাও বর্তমান কেন্দ্র ভেঙে তৈরি হতে পারে একাধিক নতুন আসন, কোথাও আবার একাধিক এলাকার সমন্বয়ে গড়ে উঠতে পারে নতুন নির্বাচনী কেন্দ্র।
প্রস্তাবিত হিসাব অনুযায়ী, লোকসভা কেন্দ্রের সংখ্যা ৬৩ হলে প্রতিটি কেন্দ্রের অধীনে গড়ে সাতটি করে বিধানসভা আসন থাকতে পারে। ভোটারের সংখ্যা ও ভৌগোলিক বিস্তারের মধ্যে ভারসাম্য রাখাই এই পুনর্বিন্যাসের অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। তবে এই পরিবর্তনের ফলে কোন রাজনৈতিক দলের নির্বাচনী সুবিধা বাড়বে, তা নির্ভর করবে নতুন সীমানা নির্ধারণের পদ্ধতি ও চূড়ান্ত বিন্যাসের উপর।
বাংলায় শেষবার ২০০৫ সালে নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস হয়েছিল। তার আগে ১৯৭২ সালেও এই প্রক্রিয়া হয়েছিল। ২০০৫ সালের পুনর্বিন্যাসে একাধিক পুরনো কেন্দ্রের সীমানা বদলেছিল, কিছু কেন্দ্র বিলুপ্ত হয়েছিল, তৈরি হয়েছিল নতুন কেন্দ্রও। কিন্তু আসনসংখ্যা বাড়েনি।
এবারের সম্ভাব্য পরিবর্তন তাই আরও তাৎপর্যপূর্ণ। ৪৪১ আসনের প্রস্তাব বাস্তবায়িত হলে বদলাবে বিধানসভার চরিত্র, বাড়বে জনপ্রতিনিধির সংখ্যা, পাল্টাবে ভোটের অঙ্ক। তবে এই সংখ্যা এখনও প্রস্তাবিত হিসাব, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। বাংলার রাজনৈতিক মানচিত্রে নতুন রেখা শেষ পর্যন্ত কোন সমীকরণ তৈরি করে, এখন সেদিকেই নজর।




