কণাদ দাশগুপ্ত
সরকারের মুখপাত্র নির্দিষ্ট, দলীয় নির্দেশও স্পষ্ট। তবু বিতর্কের আগুনে ঘি ঢালছেন শাসক দলের মন্ত্রী- বিধায়কদের একাংশই। সরকারের বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য বিরোধী শিবিরের বিশেষ কোনও কৌশলের প্রয়োজন হচ্ছে না। শাসক দলের মন্ত্রী- বিধায়কদের একাংশের বেফাঁস মন্তব্যই যেন সেই কাজ করে দিচ্ছে। কখনও বাংলাদেশ দখলের হুঁশিয়ারি, কখনও এনকাউন্টার নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, আবার কখনও বিরোধী তৃণমূলের একাংশকে বিজেপির বি-টিম বলে রাজনৈতিক বিতর্ক উস্কে দেওয়া। ক্ষমতায় আসার পর প্রশাসনিক দক্ষতা ও সুশাসনের বার্তা দেওয়ার বদলে মন্ত্রীদের একাংশের এমন লাগামছাড়া কথাবার্তায় প্রশ্নের মুখে পড়ছে সরকারের ভাবমূর্তি। বিরোধীদের রাজনৈতিক আক্রমণের জবাব দেওয়ার আগেই নিজেদের লোকের মন্তব্য সামলাতে ব্যস্ত হতে হচ্ছে বিজেপি নেতৃত্বকে। ফলে এখন বঙ্গ বিজেপির অস্বস্তি শুধু বেফাঁস মন্তব্যে নয়, প্রকাশ্যে প্রকট হয়ে উঠছে দলের অন্দরে শৃঙ্খলা ও নেতৃত্বের নিয়ন্ত্রণের সংকটও।প্রশ্ন উঠছে, শৃঙ্খলাবদ্ধ দল হিসাবে পরিচিত বিজেপির অন্দরে দলীয় নিয়ন্ত্রণ কি তবে আলগা হচ্ছে?
পরিস্থিতি সামাল দিতে আগেই সরকারের বক্তব্য জানানোর জন্য তিন মন্ত্রী তাপস রায়, দীপক বর্মন ও উমেশ রাইকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। স্পষ্ট নির্দেশ, মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি এবং নির্দিষ্ট তিন মুখপাত্র ছাড়া অন্য কেউ সরকারের অবস্থান নিয়ে সংবাদমাধ্যমে মন্তব্য করবেন না। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশলের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয়েছিল। দলের রুদ্ধদ্বার বৈঠকেও সংবাদমাধ্যমের সামনে মন্ত্রীদের অনিয়ন্ত্রিত মন্তব্য নিয়ে বিরক্তি প্রকাশ করেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
কিন্তু নির্দেশের পরেও ছবিটা বদলায়নি। পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের মুখে কখনও এনকাউন্টার নিয়ে পাঁচশো অপরাধী খতমের মন্তব্য, কখনও বাংলা ও উত্তরপ্রদেশ- গুজরাতের তুলনা, আবার কখনও বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি। বাংলা ছবির মান নিয়েও তাঁর মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের ‘বাংলাদেশ আমরা নিয়ে নেব’ মন্তব্য পদ্মাপারের সংবাদমাধ্যমেও আলোড়ন ফেলেছে। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের ঋতব্রত- তৃণমূলকে বিজেপির বি-টিম আখ্যা দেওয়াও নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। দলীয় নেতৃত্বের আশঙ্কা, এই ধরনের মন্তব্যে সরকারের প্রশাসনিক অবস্থান আড়ালে চলে যাচ্ছে, সামনে আসছে ব্যক্তিগত রাজনৈতিক বাগাড়ম্বর। বিরোধীদেরও সমালোচনার সুযোগ তৈরি হচ্ছে। তাই শুধু মৌখিক সতর্কতা নয়, এবার কয়েকজন নেতা-মন্ত্রীর বিরুদ্ধে আরও কঠোর সাংগঠনিক পদক্ষেপের কথা ভাবছে বঙ্গ বিজেপি।
দলীয় নেতৃত্বের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিরোধীদের মোকাবিলা নয়, বরং নিজেদের নেতা-মন্ত্রীদের বেফাঁস মন্তব্যে লাগাম পরানো। কারণ, বিরোধীদের হাতে রাজনৈতিক অস্ত্র তুলে দিয়ে নিজেদেরই বারবার কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন শাসক দলের জনপ্রতিনিধিরা। নির্দেশ, সতর্কবার্তা, মুখপাত্র নিয়োগ—কোনও কিছুতেই যখন কাজ হচ্ছে না, তখন প্রশ্ন উঠছে দলের প্রকৃত নিয়ন্ত্রণ কার হাতে? রাজনৈতিক মহলের মতে, সময় থাকতে এই প্রবণতায় লাগাম টানতে না পারলে শৃঙ্খলাবদ্ধ দলের ভাবমূর্তিই শুধু ধাক্কা খাবে না, মন্ত্রীদের ব্যক্তিগত বাগাড়ম্বরের খেসারত দিতে হতে পারে গোটা বিজেপি নেতৃত্বকে। তাই এবার কড়া সাংগঠনিক পদক্ষেপই বঙ্গ বিজেপির কাছে শেষ অস্ত্র।




