ওয়েব ডেস্ক : মনীষীদের ছবি ঘিরে কলকাতা পুরসভার অন্দরে নতুন করে বিতর্ক। মঙ্গলবার আটজন বিশিষ্ট ব্যক্তিত্বের ছবি স্থাপনের পর বুধবার সকালেই সেগুলি খুলে ফেলা হয়েছে। একদিনের ব্যবধানে ছবি উধাও হওয়ায় প্রশ্ন উঠেছে পুরসভার সিদ্ধান্ত নিয়ে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও।
মঙ্গলবার কলকাতা পুরসভার সদর দফতরের দোতলায় কাউন্সিলর ক্লাব রুমে প্রথমবারের জন্য আটজন মনীষীর প্রতিকৃতি স্থাপন করা হয়। তাঁদের মধ্যে ছিলেন বীর সাভারকর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ডক্টর ভীমরাও আম্বেদকর-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। কিন্তু বুধবার সকালে সেখানে আর কোনও ছবিই দেখা যায়নি।
পুরসভা সূত্রের দাবি, ছবিগুলির আয়তন কর্তৃপক্ষের পছন্দসই হয়নি। তাই সেগুলি খুলে রেখে আরও বড় আকারে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। পরে অন্যত্র ছবিগুলি স্থাপন করা হবে বলেও জানানো হয়েছে।
তবে এই ব্যাখ্যা ঘিরেই উঠছে প্রশ্ন। আয়তন নিয়ে আপত্তি থাকলে প্রথমে ছবিগুলি লাগানোর অনুমতি দেওয়া হয়েছিল কেন? রাজনৈতিক মহলের একাংশের ধারণা, সাভারকরের প্রতিকৃতি স্থাপনকে কেন্দ্র করে আপত্তি ও বিতর্কের জেরেই তড়িঘড়ি ছবি সরানো হয়েছে। যদিও পুরসভা কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।
অন্যদিকে, সাভারকরের ছবি লাগানোর প্রতিবাদে পুরসভার প্রশাসক তথা কাউন্সিলর স্মিতা পাণ্ডেকে চিঠি দিতে চলেছেন প্রাক্তন মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়। তৃণমূলের তরফে এই আপত্তি জানানো হচ্ছে বলে খবর।
উল্লেখ্য, কাউন্সিলর ক্লাব রুমে দীর্ঘদিন ধরে প্রয়াত কাউন্সিলর ও বরো চেয়ারম্যানদের প্রতিকৃতি রয়েছে। সেগুলি কিছুটা সরিয়েই নতুন ছবিগুলি লাগানো হয়েছিল। এখন আটটি প্রতিকৃতি সরিয়ে নেওয়ায় বিতর্ক আরও বেড়েছে। পুরসভার বক্তব্য, ছবিগুলি স্থাপনের পরিকল্পনা বাতিল হয়নি, বরং আরও বড় আকারে সেগুলি ফিরিয়ে আনা হবে। ফলে ছবি সরানোর প্রকৃত কারণ নিয়ে রাজনৈতিক তরজা আপাতত থামছে না।




