কলকাতা: মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে দমকলবাহিনী। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। অগ্নিকাণ্ডের জেরে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বেলার দিকে ঘটনাস্থলে পৌঁছোন রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। তবে কীভাবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান দমকলের।
আরও পড়ুন
বাজারদর নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ! বাজারে বাজারে নজরদারি ইবির
সূত্রের খবর, ৩৫ এজেসি বোস রেডের একটি বাড়িতে দ্বিতীয় তলায় কাপড়ের গুদামে ভয়াবহ আগিুন লাগে। গুদাম কাপড়বোঝাই থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের নজরে আসতে তাঁরাই প্রথমে আগুন নেবানোর চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন যায়। আগুনের তীব্রতায় বাড়ায় আরও ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। দমকলের ১০টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুনে নিয়ন্ত্রণে আনার চেষ্ঠা করছে।ওই বহুতল থেকে সমস্ত বাসিন্দাকেই নিরাপদে বের করে আনেন দমকল এবং পুলিশের আধিকারিকরা। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পরে ঘটনাস্থলে পৌঁছোয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও।ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। দমকল আধিকারিকরা জানাচ্ছেন, আগুন নিয়ন্ত্রণ আসার পরেই পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। ওই গুদাম এবং বাড়িতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।




