HomeBig Breakingডিলিমিটেশন বিল ঘিরে বিরোধী শিবিরে ভাঙন, প্রয়োজনীয় সমর্থন পেতে আত্মবিশ্বাসী বিজেপি

ডিলিমিটেশন বিল ঘিরে বিরোধী শিবিরে ভাঙন, প্রয়োজনীয় সমর্থন পেতে আত্মবিশ্বাসী বিজেপি

কণাদ দাশগুপ্ত

লোকসভায় ডিলিমিটেশন বিল পাস করাতে প্রয়োজনীয় সাংসদ সংখ্যা জোগাড়ের ব্যাপারে ক্রমশ আত্মবিশ্বাসী হয়ে উঠছে বিজেপি। বিরোধী শিবিরের একাধিক দলের সঙ্গে আলোচনা এবং কয়েকটি দলের শর্তসাপেক্ষ সমর্থনের সম্ভাবনা ঘিরেই এই আশাবাদ। বিশেষত সমাজবাদী পার্টি এবং শরদ পওয়ারের এনসিপি-র অবস্থান নিয়ে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। শাসক শিবিরের লক্ষ্য, বিরোধীদের একাংশকে পাশে নিয়ে সাংবিধানিক সংশোধনী বিলের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা।

সংবিধান সংশোধনী বিল পাস করাতে লোকসভা ও রাজ্যসভা—দুই কক্ষেই উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের অন্তত দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। ফলে শুধু এনডিএর সংখ্যার উপর নির্ভর করে এগোনো সম্ভব নয়। সংসদীয় সূত্রের খবর, বিরোধী দলগুলির সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে কেন্দ্র। লোকসভার আসন ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাবকে সামনে রেখে দক্ষিণের রাজ্যগুলির উদ্বেগ দূর করারও চেষ্টা চলছে।

শরদ পওয়ারের দলের সুপ্রিয়া সুলে জানিয়েছেন, সব রাজ্যের আসন সমান অনুপাতে বাড়ানো এবং মহিলা সংরক্ষণ কার্যকর করার বিষয়ে নিশ্চয়তা পেলে তাঁদের দল প্রস্তাব বিবেচনা করতে পারে। সমাজবাদী পার্টির অবস্থান নিয়েও বিজেপি আশাবাদী বলে সংবাদমাধ্যমের খবর। তবে বিরোধীদের সমর্থন এখনও নিশ্চিত নয়।

এদিকে, রাজ্যসভায় কংগ্রেসের প্রাক্তন নেতা কপিল সিব্বল অভিযোগ করেছেন, প্রস্তাবিত আসনবৃদ্ধির সূত্রে উত্তর ভারতের রাজ্যগুলি তুলনায় বেশি রাজনৈতিক সুবিধা পেতে পারে। তাঁর আশঙ্কা, এর ফলে সংসদে রাজ্যগুলির প্রতিনিধিত্বের ভারসাম্য বদলে যেতে পারে।

এপ্রিলে সংবিধান সংশোধনী বিল প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় লোকসভায় পরাজিত হয়েছিল। এবার সেই ব্যর্থতা কাটিয়ে বিল পাস করানোই কেন্দ্রের লক্ষ্য। শীতকালীন অধিবেশনে তাই ডিলিমিটেশন ঘিরে শাসক- বিরোধী সংঘাত নতুন মাত্রা নিতে চলেছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments