কণাদ দাশগুপ্ত : ইতিহাসের অলিন্দে কত কথাই না চাপা পড়ে থাকে! রাজনীতির মঞ্চে ক্ষমতার পালাবদল ঘটে, বদলে যায় রাজনৈতিক পরিচয়, তৈরি হয় নতুন সমীকরণ। কিন্তু সেই পরিবর্তনের নেপথ্যে কখনও কখনও থেকে যায় এমন এক ব্যক্তিগত পরামর্শ, যার অভিঘাত বহুদূর পর্যন্ত পৌঁছয়। বাংলার রাজনীতিতে তৃণমূল থেকে বিজেপিতে শুভেন্দু অধিকারীর যাত্রার নেপথ্যে তেমনই এক বিস্ময়কর অধ্যায়ের কথা প্রকাশ্যে আনলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আর সেই পরামর্শদাতা কোনও বিজেপি নেতা নন, প্রাক্তন রাষ্ট্রপতি, কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রয়াত প্রণব মুখোপাধ্যায়!
মঙ্গলবার একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শুভেন্দু জানালেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তের পিছনে ছিল প্রণববাবুর পরামর্শ। তাঁর কথায়, প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতিই ছিলেন তাঁর ‘আসল পরামর্শদাতা’। স্মৃতির ঝাঁপি খুলে মুখ্যমন্ত্রী জানান, রাষ্ট্রপতি হওয়ার পরে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে রাইসিনা হিলে গিয়েছিলেন তিনি। সেই সময়েই হয়েছিল তাৎপর্যপূর্ণ কথোপকথন।
বাড়ছে শীতের আমেজ! বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব কাটতেই কি ফিরল স্বস্তি?
শুভেন্দুর স্মৃতিচারণায়, প্রণববাবু তাঁকে বলেছিলেন, ‘এমপ্লয়ি থাকতে হলে এর সঙ্গে থাক। আর যদি এগোতে হয়, তাহলে মোদিজির সঙ্গে থাকো।’ অর্থাৎ, তৃণমূলের অন্দরে কর্মচারীর মতো থেকে যাওয়া, নাকি নরেন্দ্র মোদির নেতৃত্বে বৃহত্তর রাজনৈতিক পরিসরে নিজের ভবিষ্যৎ তৈরি করা—সিদ্ধান্তের ভার দিয়েছিলেন তাঁর উপরেই।
এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য নিঃসন্দেহে গভীর। কারণ, একদা তৃণমূলের অন্যতম শক্তিশালী মুখ শুভেন্দুর দলবদল বাংলার রাজনীতিতে বড়সড় ভূকম্পন তৈরি করেছিল। ২০২০ সালের ডিসেম্বরে মেদিনীপুরে অমিত শাহের সভায় গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছিলেন তিনি। সেই সিদ্ধান্তের পিছনে এবার উঠে এল প্রণব মুখোপাধ্যায়ের নাম।
তবে কথোপকথনের সময়কাল প্রকাশ করতে চাননি মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, প্রণববাবু আজ আর তাঁদের মধ্যে নেই। তাঁকে নিয়ে নতুন বিতর্ক তৈরি হোক, তা তিনি চান না। এই সংযমের মধ্যেই যেন ধরা পড়েছে এক প্রয়াত অভিভাবকের প্রতি শ্রদ্ধা।
রাজনীতিতে দলবদল নিয়ে হাজারো ব্যাখ্যা থাকে। কিন্তু শুভেন্দুর এই স্বীকারোক্তি নতুন করে মনে করিয়ে দিল, বাংলার ক্ষমতার ইতিহাসে কিছু সিদ্ধান্তের নেপথ্যে অদৃশ্য সুতোও কাজ করে। আর সেই সুতোর এক প্রান্তে ছিলেন প্রণব মুখোপাধ্যায়।




