ওয়েব ডেস্ক : সপ্তাহের শুরু থেকে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে শীতের আমেজ বাড়তে শুরু করেছে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৯ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শীঘ্রই রাজ্যে শীতের দাপট আরও বাড়বে। তিলোত্তমায় বেশ মনোরম শীতের আমেজ অনুভূত হচ্ছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিনে শহর কলকাতার রাতের তাপমাত্রা আরও কিছুটা কমবে। চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতায় ঠান্ডার অনুভূতি আরও বাড়তে পারে। বৃষ্টির প্রকোপ কাটার পর থেকেই আকাশ মেঘমুক্ত, ঝলমলে রোদের দেখা মিলছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি, অর্থাৎ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে আগামী কয়েকদিনে ঠান্ডার প্রকোপ বেশ খানিকটা বাড়বে। দক্ষিণবঙ্গের মতোই আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পার্বত্য জেলাগুলিতে শীতের তীব্রতা আরও বাড়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর।




