ওয়েব ডেস্ক : রাজ্য রাজনীতিতে নয়া মোড়। তৃণমূলের দুই শিবিরের সংঘাত চরমে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচেতক আখরুজ্জামানের বিরুদ্ধে বেআইনিভাবে সরকারি সুযোগ-সুবিধা ও বেতন নেওয়ার অভিযোগ তুললেন প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। শনিবার এই অভিযোগ জানাতে তিনি কলকাতার হেয়ার স্ট্রিট থানায় যান। তবে পুলিশ তাঁর অভিযোগ গ্রহণ করেনি। শোভনদেব জানিয়েছেন, থানা থেকে তাঁকে জানানো হয়েছে, গোটা বিষয়টি বিধানসভার অধ্যক্ষের বিষয়।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করছিলেন। আখরুজ্জামান দায়িত্বে ছিলেন মুখ্য সচেতক হিসেবে। তাঁদের এই অন্তর্বর্তী দায়িত্বের মেয়াদ ১৮ অক্টোবর শেষ হয়েছে বলে শোভনদেবের দাবি। তারপরেও তাঁরা সংশ্লিষ্ট পদমর্যাদার বেতন ও সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন বলে অভিযোগ। শনিবার দুপুরে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ জানাতে যান শোভনদেব। কিন্তু পুলিশ তাঁকে জানিয়ে দেয়, বিষয়টি বিধানসভার অধ্যক্ষের এক্তিয়ারভুক্ত। তাই থানা এই অভিযোগ গ্রহণ করতে পারবে না।
থানা থেকে বেরিয়ে শোভনদেব জানান, তিনি আইনজীবীর সঙ্গে আলোচনা করবেন এবং প্রয়োজনে আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন। এই ঘটনার পাল্টা উত্তর দিয়েছে ঋতব্রত শিবির। ঋতব্রত তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত শোভনদেবকে নিশানা করে বলেন, আইএনটিটিইউসিতে যুক্ত থাকার সময় শোভনদেব কী কী সুবিধা পেয়েছেন, তা প্রকাশ্যে আনলে তাঁর মুখোশ খুলে যাবে।




