HomeTop Newsফসলের জমিতে জল, বাজারে দামের ঝড়, রান্নাঘরে বাড়ছে দুশ্চিন্তা

ফসলের জমিতে জল, বাজারে দামের ঝড়, রান্নাঘরে বাড়ছে দুশ্চিন্তা

ওয়েব ডেস্ক : শীতের মরশুমে স্বস্তির বদলে সাধারণ মানুষের পকেটে ক্রমশ চাপ বাড়াচ্ছে সবজির বাজার। ঝিঙে, বেগুন, গাজর, শসা—একাধিক সবজির দাম কেজিপ্রতি ১০০ টাকা ছুঁয়েছে। উচ্ছে ও ঢ্যাঁড়শের দামও পৌঁছে গিয়েছে ৮০ টাকায়। অকালবৃষ্টি এবং ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় সবজি উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

কলকাতার মানিকতলা বাজারের ছবিতেই স্পষ্ট মূল্যবৃদ্ধির চাপ। আগে যে বেগুন কেজিপ্রতি ৮০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন তার দাম ১০০ টাকা। ঝিঙের দামও ৮০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা হয়েছে। একইভাবে শসা ও গাজরের দাম কেজিতে ৮০ টাকা থেকে বেড়ে ১০০ টাকায় পৌঁছেছে। উচ্ছে ও ঢ্যাঁড়শের দাম বেড়ে হয়েছে ৮০ টাকা। পটল কিনতেও এখন কেজিতে ৮০ টাকা খরচ করতে হচ্ছে।

দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং দুই মেদিনীপুরে শীতকালীন সবজির ব্যাপক চাষ হয়। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে জমিতে জল জমেছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। কোথাও জমিতেই পচতে শুরু করেছে শাকসবজি। কলকাতার পাইকারি বাজারগুলিতেও সবজির জোগান কমেছে।

এর পাশাপাশি ফড়েদের একাংশের বিরুদ্ধে সবজি মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরির অভিযোগও উঠছে। ব্যবসায়ীদের আশঙ্কা, আগামী কয়েক দিনে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। ফলে ফুলকপি, বাঁধাকপি-সহ শীতকালীন সবজির দামও বাড়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বাজারের এই আগুনে মধ্যবিত্তের রান্নাঘরের হিসাব ক্রমশ কঠিন হয়ে উঠছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments