HomeScrollইটালির জন্মভিটে ঘিরে সোনিয়ার স্মৃতি সংগ্রহশালা গড়ার স্বপ্ন এক শিখ ব্যবসায়ীর

ইটালির জন্মভিটে ঘিরে সোনিয়ার স্মৃতি সংগ্রহশালা গড়ার স্বপ্ন এক শিখ ব্যবসায়ীর

রাজনীতির দীর্ঘ পথপরিক্রমায় সোনিয়া গান্ধী আজ আন্তর্জাতিক পরিচিতির এক গুরুত্বপূর্ণ নাম

কণাদ দাশগুপ্ত

রাজনীতির দীর্ঘ পথপরিক্রমায় সোনিয়া গান্ধী আজ আন্তর্জাতিক পরিচিতির এক গুরুত্বপূর্ণ নাম। কিন্তু সেই পরিচয়ের আড়ালে রয়ে গিয়েছে ইটালির এক ছোট্ট শহরের ছেলেবেলার স্মৃতি। এবার সেই স্মৃতিকেই সংরক্ষণের উদ্যোগ নিতে চান এক ভারতীয় বংশোদ্ভূত শিখ ব্যবসায়ী। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর জন্মভিটেকে সংগ্রহশালা বা স্মৃতিভবনে পরিণত করার স্বপ্ন দেখছেন বাড়িটির বর্তমান মালিক সুখদেব সিংহ কাং।

ইটালির ভিসেনজা প্রদেশের লুসিয়ানা শহরে অবস্থিত ধূসর পাথরের দেওয়ালে ঘেরা বাড়িটি। ছয়টি ঘরের এই বাড়ি প্রায় ছয় বছর আগে কিনেছিলেন ইটালির বাসিন্দা শিখ ব্যবসায়ী কাং। তাঁর কাছে বাড়িটি নিছক একটি সম্পত্তি নয়, বরং ভারতের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এক বিশেষ স্মৃতির ঠিকানা। কারণ, ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর এই বাড়িতেই জন্মেছিলেন সোনিয়া গান্ধী। জীবনের শৈশবের বেশ কয়েকটি বছরও এই বাড়িতেই কাটিয়েছিলেন তিনি।

বাড়িটির প্রতি নিজের আবেগের পরিচয় দিতে তার নাম রেখেছেন ‘ইন্ডিয়ান হাউস’। বাড়ির প্রবেশপথে রয়েছে ভারতের জাতীয় পতাকার তিন রঙে সাজানো একটি নেমপ্লেট। সেখানে স্পষ্ট করে লেখা, এটি সোনিয়া গান্ধীর জন্মস্থান।

আরও পড়ুন:

ধর্মীয় জনবিন্যাসে বড়সড় পালাবদলের ইঙ্গিত, ২০৩৫-এ বিশ্বে শীর্ষস্থান হারাতে পারে খ্রিস্টানরা

এক সাক্ষাৎকারে সুখদেব সিংহ কাং জানিয়েছেন, সোনিয়া গান্ধীর সঙ্গে ব্যক্তিগত ভাবে দেখা করার ইচ্ছা রয়েছে তাঁর। সেই সাক্ষাৎ সম্ভব হলে বাড়িটির অতীত স্মৃতি ও ইতিহাস আরও সমৃদ্ধ করে তুলতে চান তিনি। সোনিয়ার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা নানা স্মৃতিচিহ্ন দিয়ে সাজিয়ে তুলতে চান বাড়ির অন্দরমহল।

রাজনৈতিক জীবনের বাইরেও প্রত্যেক মানুষের একটি ব্যক্তিগত শিকড় থাকে। সোনিয়ার ক্ষেত্রে সেই শিকড়ের ঠিকানা ইটালির লুসিয়ানা। কাংয়ের পরিকল্পনা বাস্তবায়িত হলে বাড়িটি শুধু একটি সংগ্রহশালা হবে না, হয়ে উঠতে পারে সোনিয়ার শৈশব, পারিবারিক স্মৃতি এবং ভারত-ইটালির সাংস্কৃতিক যোগসূত্রের এক অনন্য স্মারক।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments