ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি আচমকাই চলে এলেন কৃষ্ণনগরে? নিরাপত্তারক্ষীর ঘেরাটোপ নেই, নেই কোনও সরকারি কনভয়। অথচ মাথায় পাগড়ি, মুখভর্তি সাদা দাড়ি, পরনে মোদিসুলভ পোশাক। খোলা গাড়িতে চড়ে হাত নাড়তে নাড়তে এগিয়ে চলেছেন তিনি। তাঁকে দেখে প্রথমে চমকে যাওয়াই স্বাভাবিক! তবে ভুল ভাঙতে বেশি সময় লাগেনি। আসলে তিনি মোদি নন, মোদির অবিকল চেহারার অধিকারী এক ‘ডুপ্লিকেট’!
নদিয়ার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জনের শোভাযাত্রায় বৃহস্পতিবার এমনই চমক দিলেন কর্নাটকের ৬৭ বছরের সদানন্দ নায়েক। তাঁর সাজপোশাক থেকে শুরু করে মুখের আদল, সবেতেই যেন প্রধানমন্ত্রীর ছায়া। ফলে বিসর্জনের শোভাযাত্রায় প্রতিমা দর্শনের পাশাপাশি দর্শকদের বাড়তি আকর্ষণ হয়ে উঠলেন ‘মোদি’!
আরও পড়ুন:
রাজ্যে সংস্কৃতের পুনর্জাগরণে ‘অরুণ’-‘কিরণ’, উদ্যোগ প্রশংসনীয়
কর্নাটকের উডুপির বাসিন্দা সদানন্দ একসময় হোটেল ও বেসরকারি হাসপাতালে রাঁধুনির কাজ করতেন। ২০১৭ সালে তীর্থযাত্রায় বেরিয়ে হরিদ্বারে গিয়ে প্রথম জানতে পারেন, তাঁর চেহারার সঙ্গে নাকি নরেন্দ্র মোদির দারুণ মিল। সেই থেকেই মোদির মতো দাড়ি রাখা এবং সাজপোশাকের অভ্যাস। ক্রমে এই চেহারাই তাঁর পরিচয় হয়ে ওঠে।
এর আগে নবদ্বীপের মায়াপুর ইসকনেও মোদির বেশে হাজির হয়েছিলেন তিনি। এবার কৃষ্ণনগর। ফলে বিসর্জনের ভিড়ে প্রশ্ন একটাই—মোদিজি কি সত্যিই এলেন, নাকি এ শুধু তাঁর ‘লোকাল সংস্করণ’?




