কলকাতা: আদালতের দরজায় আইনি সুরক্ষা মিললেও বিচারব্যবস্থা সম্পর্কে মন্তব্যের জন্য কলকাতা হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ডিজে মামলার শুনানিতে তাঁর অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়াল আদালত। তবে একই সঙ্গে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আদালতের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য অত্যন্ত বেদনাদায়ক।
এদিন বিচারপতির এজলাসে অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করে রাজ্যের তরফে সওয়াল করেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার। তাঁর বক্তব্য, সম্প্রতি বিচারব্যবস্থাকে নিশানা করে একাধিক মন্তব্য করেছেন অভিষেক। এমনকী, আদালত এক ব্যক্তিকে রক্ষাকবচ দিতে অস্বীকার করার পরেও বিচারব্যবস্থা সম্পর্কে সমাজমাধ্যমে মন্তব্য করেছেন তিনি।
রাজ্যের বক্তব্য শোনার পর অভিষেকের আইনজীবীর উদ্দেশে বিচারপতি প্রশ্ন করেন, এই ধরনের মন্তব্যের পরিণতি সম্পর্কে কি তাঁর মক্কেল অবগত নন? এমন মন্তব্যের জেরে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুরু করতে পারে বলেও সতর্ক করেন বিচারপতি। তাঁর কথায়, একজন সাংসদ এই ধরনের মন্তব্য করলে সাধারণ মানুষের কাছে কী বার্তা যায়, তা ভাবা প্রয়োজন।
আরও পড়ুন:
প্রিয় স্মরণে বিবাদী বাগ, বৃষ্টিভেজা কলকাতায় পালিত হল নেতার প্রয়াণ দিবস
তবে মন্তব্যের বিষয়টিকে আলাদা রেখে মামলার তদন্তের অগ্রগতির দিকেও নজর দেয় আদালত। বিচারপতি জানান, অভিষেক তদন্তে সহযোগিতা করছেন না, এমন কোনও তথ্য আদালতের সামনে নেই। তাই এই মুহূর্তে রক্ষাকবচ প্রত্যাহারের কারণ দেখছে না আদালত।
শেষ পর্যন্ত ডিজে মামলায় অভিষেকের অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি তদন্তের অগ্রগতি জানিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।




