HomeScrollমৃত্যুদণ্ডের রায় ঘিরে আন্তর্জাতিক চাপ, হাসিনার পাশে দাঁড়িয়ে ব্রিটিশ সাংসদদের চিঠি

মৃত্যুদণ্ডের রায় ঘিরে আন্তর্জাতিক চাপ, হাসিনার পাশে দাঁড়িয়ে ব্রিটিশ সাংসদদের চিঠি

হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক উদ্যোগের আর্জি

ওয়েব ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আটকাতে এবার ব্রিটিশ সরকারের দ্বারস্থ হলেন সে দেশের একাধিক সাংসদ। ব্রিটিশ বিদেশমন্ত্রী এড মিলিব্যান্ডকে চিঠি লিখে হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক উদ্যোগের আর্জি জানিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, বাংলাদেশে ফিরলে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এমন লিখিত ও আইনি নিশ্চয়তা আদায় করতে হবে ঢাকার কাছ থেকে।

গত ২৭ অক্টোবর লেখা ওই চিঠিতে স্বাক্ষর করেছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন ও সীমাস লোগান। তাঁদের সঙ্গে রয়েছেন স্কটিশ পার্লামেন্টের তিন সদস্য মার্টিন ডে, পল ম্যাকলেনান ও অ্যালান ব্রাউন এবং ইউরোপীয় পার্লামেন্টের প্রাক্তন সদস্য চার্লস ট্যানক। দলমত নির্বিশেষে এই প্রতিনিধিরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন 

মোদি-শাহ জমানাকে কি চ্যালেঞ্জের বার্তা সোনিয়ার?

চিঠিতে তাঁদের বক্তব্য, হাসিনার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের স্বাধীন তদন্ত এবং নিরপেক্ষ বিচার হওয়া প্রয়োজন। কিন্তু বিচারব্যবস্থাকে রাজনৈতিক সংঘাত কিংবা বিরোধীদের সরিয়ে দেওয়ার হাতিয়ার করা উচিত নয়। হাসিনার অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। পছন্দের আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং রায়ের বিরুদ্ধে কার্যকর আইনি প্রতিকারের দাবি জানিয়েছেন।

ব্রিটিশ সরকারের কাছে চারটি বিষয়ে উদ্যোগ চেয়েছেন তাঁরা—মৃত্যুদণ্ড ও অন্য ক্ষতি থেকে সুরক্ষা, স্বাধীন বিচারবিভাগীয় পর্যালোচনা, আন্তর্জাতিক নজরদারি এবং রাজনৈতিক সমঝোতার পরিবেশ তৈরি।

উল্লেখ্য, ২০২৪ সালের অগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। ২০২৫ সালে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। অভিযোগ অস্বীকার করে বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments