ওয়েব ডেস্ক: পুজোর দিনে মোথাবাড়িতে হাজির পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। মন্ত্রীর আগমনকে ঘিরে রবিবার সকাল থেকেই মোথাবাড়ি চৌরঙ্গী মোড়ে বিজেপি নেতৃত্ব ও কর্মীদের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা। এদিন মথুরাপুরে কালীপুজোর উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। সেই খবর ছড়িয়ে পড়তেই মোথাবাড়ি বিধানসভার বিজেপি নেতৃত্ব মোথাবাড়ি চৌরঙ্গী মোড়ে জমায়েত হন। মন্ত্রী পৌঁছতেই তাঁকে ফুল ও শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান মোথাবাড়ি বিজেপি নেতৃত্ব।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোথাবাড়ি বিধানসভার কনভেনার নন্দন কুমার ঘোষ, বিভিন্ন মণ্ডল সভাপতি-সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। পুজোর উদ্বোধন করে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, সকল সমাজের মানুষ একসঙ্গে মিলেমিশে সুন্দরভাবে পুজোর আয়োজন করেছেন।
অন্যদিকে, পঞ্চায়েত মন্ত্রীকে সংবর্ধনা জানাতে এগিয়ে আসেন গ্রাম পঞ্চায়েতের VBDC প্রকল্পের VCT কর্মীরাও। তাঁদের দাবি, নতুন সরকার তাঁদের বেতন বৃদ্ধি করেছে। সেই কারণে মন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিন মন্ত্রীর আগমন ও কালীপুজোর উদ্বোধনকে ঘিরে মোথাবাড়ি চৌরঙ্গী মোড়ে রাজনৈতিক ও উৎসবের আবহ তৈরি হয়।




