ওয়েব ডেস্ক : সরকারি হাসপাতালে রোগীর ভিড় বাড়ছে, অথচ পর্যাপ্ত চিকিৎসক নেই। কোথাও বিশেষজ্ঞের অভাব, কোথাও আবার পরিষেবা চালাতেই হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে নিয়োগের বিকল্প পথে হাঁটল রাজ্য সরকার। পাবলিক সার্ভিস কমিশনের দীর্ঘ নিয়োগ প্রক্রিয়ার অপেক্ষা না করে চুক্তিভিত্তিক প্রায় দু’হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর। শুক্রবার থেকেই শুরু নিয়োগ প্রক্রিয়া।
স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, আঞ্চলিক ভিত্তিতে হবে এই নিয়োগ। কলকাতার চিকিৎসকদের উত্তরবঙ্গে গিয়ে কাজ করতে হবে না। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের চিকিৎসকেরা নিজেদের এলাকার হাসপাতালেই কাজের সুযোগ পাবেন। এমনকী চুক্তিতে নিযুক্ত চিকিৎসকদের বেসরকারি হাসপাতালের চাকরিও ছাড়তে হবে না। সরকারি ও বেসরকারি, দুই ক্ষেত্রেই কাজ করতে পারবেন তাঁরা। আবেদনকারীদের স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
২০২৭-এর উত্তরপ্রদেশ ভোটে নতুন সমীকরণ, ওয়াইসির জোটে মুখ্যমন্ত্রী মুখ চন্দ্রশেখর
তবে সরকারের এই সিদ্ধান্তে আপত্তি রয়েছে সরকারি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্সের। সংগঠনের সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, পিএসসি নিয়োগে দেরি হয় ঠিকই, কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ স্থায়ী সমাধান হতে পারে না। সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে বিপুল শূন্যপদ রয়েছে। দীর্ঘদিন ধরেই স্থায়ী নিয়োগের দাবি জানিয়ে আসছে সংগঠন।
স্বাস্থ্য দপ্তরের যুক্তি, পিএসসি’র মাধ্যমে নিয়োগে দেড় থেকে দু’বছর লেগে যায়। রোগীদের স্বার্থে তত দিন অপেক্ষা করা সম্ভব নয়।

Leave a Reply
You must be logged in to post a comment.