কলকাতা: গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি ৪০০ টাকা করার পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে নিজের প্রস্তাব ও বক্তব্য জানিয়েছেন বলেও দাবি তাঁর। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ টেনে শুভেন্দু জানান, পরিবেশ অনুকূল না থাকলেও রাজ্যের শ্রমিকদের স্বার্থে নিজের বক্তব্য জানাতে পিছপা হননি তিনি।
শুভেন্দুর বক্তব্য, বৈঠকে সব কথা বলার মতো অনুকূল পরিবেশ ছিল না। কিন্তু সুযোগ বুঝে শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি তিনি কেন্দ্রীয় মন্ত্রীর সামনে তুলে ধরেছেন। তাঁর মতে, বর্তমান বাজারদর ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রামীণ শ্রমিকদের পারিশ্রমিক বাড়ানো জরুরি। ৪০০ টাকা দৈনিক মজুরি হলে উপকৃত হবেন গ্রামের বহু শ্রমজীবী মানুষ।
আরও পড়ুন:
নতুন VB-G RAM G প্রকল্পে বছরে ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজের আইনি নিশ্চয়তা দেওয়া হয়েছে। কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রকল্পে দৈনিক মজুরির ন্যূনতম হার ৩০০ টাকা করা হয়েছে। ফলে ৪০০ টাকার প্রস্তাব কার্যকর হলে শ্রমিকদের আয় আরও বাড়বে।
শুভেন্দুর এই উদ্যোগের রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। রাজ্যের গ্রামীণ শ্রমজীবী মানুষের কাছে বিজেপি সরকারের অবস্থান তুলে ধরার পাশাপাশি কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে কর্মসংস্থান ও মজুরি বৃদ্ধির বিষয়টিকে অগ্রাধিকার দিতে চাইছে নবান্ন। তবে ৪০০ টাকা মজুরির প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, এখন সেটাই দেখার। প্রস্তাব বাস্তবায়িত হলে গ্রামীণ অর্থনীতিতে তার ইতিবাচক প্রভাব পড়তে পারে।

Leave a Reply
You must be logged in to post a comment.