কণাদ দাশগুপ্ত
স্মৃতির পাতায় ব্যক্তিগত জীবনের নানা আবেগঘন অধ্যায়। কিন্তু সেই স্মৃতিচারণ করতে গিয়ে ভারতের রাজনৈতিক ইতিহাসের একাধিক গুরুত্বপূর্ণ তথ্যে ভুল করে বসলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তাঁর সদ্য প্রকাশিত আত্মজীবনী Belonging: A Journey of Love ঘিরে এবার প্রশ্ন উঠল তথ্য যাচাই এবং প্রকাশনার সম্পাদকীয় দায়িত্ব নিয়ে। একটি বিস্তৃত পর্যালোচনায় বইটিতে চিহ্নিত হয়েছে ৫৫টি তথ্যগত ও প্রাসঙ্গিক অসংগতি।
সবচেয়ে চমকপ্রদ ভুল আন্তর্জাতিক কূটনীতির প্রসঙ্গে। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হিসেবে নেলসন ম্যান্ডেলার শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন উপরাষ্ট্রপতি কে আর নারায়ণন। কিন্তু সোনিয়ার বইয়ে তাঁকে রাষ্ট্রপতি আর কে নারায়ণ বলে উল্লেখ করা হয়েছে। শুধু নাম নয়, সাংবিধানিক পদ সম্পর্কেও বিভ্রান্তি তৈরি হয়েছে।
২০২৭-এর উত্তরপ্রদেশ ভোটে নতুন সমীকরণ, ওয়াইসির জোটে মুখ্যমন্ত্রী মুখ চন্দ্রশেখর
সংসদের কাঠামো নিয়েও ভুল রয়েছে। বইয়ে দাবি করা হয়েছে, লোকসভার সদস্যরা নির্বাচিত হন, আর রাজ্যসভার সদস্যরা মনোনীত। বাস্তবে রাজ্যসভার অধিকাংশ সদস্যই বিধানসভার নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরোক্ষভাবে নির্বাচিত হন। মাত্র ১২ জনকে মনোনীত করেন রাষ্ট্রপতি।
এখানেই শেষ নয়। আরএসএস প্রতিষ্ঠার সাল ১৯২৫-এর পরিবর্তে ১৯২১ লেখা হয়েছে। প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের মৃত্যুর সাল ২০২০-এর বদলে ২০২২ উল্লেখ করা হয়েছে। ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলও গুলিয়ে ফেলা হয়েছে। কার্গিল যুদ্ধের সময়কাল এবং বাজপেয়ী সরকারের পতনের বিবরণেও রয়েছে অসংগতি।
এমনকী রাহুল গান্ধীর মানহানির মামলার ঘটনাক্রম নিয়েও ভুল ধরা পড়েছে। ব্যক্তিগত স্মৃতিকথায় স্মৃতির সীমাবদ্ধতা থাকতেই পারে। কিন্তু দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে এমন একাধিক ভুল প্রকাশনার তথ্য যাচাইয়ের মান নিয়েই প্রশ্ন তুলছে।

Leave a Reply
You must be logged in to post a comment.