ওয়েব ডেস্কঃ রাজ্যে বিজেপি শাসন প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই তোলাবাজি, হুমকি, বিরোধীদলের পার্টি অফিস ভাঙচুর সহ একাধিক অভিযোগ উঠছিল। নাম জড়াচ্ছিল পদ্মশিবিরের কর্মী-সমর্থকদের। সেই প্রেক্ষাপটেই দলীয় কর্মসূচিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই ধরনের অরাজকতা চলতে দেওয়া যাবে না। শুক্রবার দমদমের দলীয় কর্মসূচিতে যোগ দেন রাজ্য সভাপতি। সভামঞ্চ থেকে শমীক বিভিন্ন ঘটনা উল্লেখ করে বলেন, অরাজকতা চলতে দেওয়া যাবে না। এদের চিহ্নিত করুন। দলের রঙ, পতাকা যাঁরা কলুষিত করতে চাইছে তাঁদের বিরুদ্ধে থানায় এফআইআর করুন।
রাজ্য বিজেপি নেতৃত্ব সরকার গঠনের পর থেকে বারবারই দাবি করেছেন, হঠাৎ বিজেপি হওয়া লোকজনই যাবতীয় কুকীর্তির সঙ্গে যুক্ত। পুরনো কোনও কর্মীরা এই ধরনের কাজ করছেন না।এদিনও শমীক কড়া বার্তা দিয়ে সেই পথেই হেঁটেছেন। দলে থেকে যে অরাজকতা চলবে না তা তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন।পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন, পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী আছেন। আমাকে কাগজ দেবেন, আমি তাঁদের ঢুকিয়ে দেব।
হঠাৎ করে বিজেপি হওয়াদেরই বার্তা দিয়ে শমীকের হুঁশিয়ারি, কিছুজন বাইরে গেরুয়া তিলক লাগিয়ে ঘুরছে। আপনাদের দায়িত্ব তাঁদের গেরুয়া তিলক মুছে দেওয়া। আর আমাদের দলের যাঁরা তাঁদের সঙ্গে নিয়ে ঘুরছেন তাঁদের বলতে চাই জেলের দরজা খোলা আছে।
অন্যদিকে পুর পরিষেবা স্বাভাবিক রাখতে ১ ডিসেম্বর থেকে কলকাতা ও হাওড়ায় প্রতিটি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাবও দিয়েছেন শমীক। মুখ্যমন্ত্রীর সুরেই সুর মিলিয়ে বলেছেন, বিজেপির লোকরাই কো-অর্ডিনেটর হবেন। দলই ঠিক করবে কো-অর্ডিনেটর কারা হবেন। বিরোধীদের এই নিয়ে প্রশ্ন তোলার কোনও নৈতিক অধিকার নেই।




