HomeTop Newsএক মঞ্চে মমতা-রাহুল-সোনিয়া, তবু স্ট্যালিনকে বিরোধিতায় রাজি করানো গেল না

এক মঞ্চে মমতা-রাহুল-সোনিয়া, তবু স্ট্যালিনকে বিরোধিতায় রাজি করানো গেল না

বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেও শেষ পর্যন্ত বিশেষ লাভ হল না। কেন্দ্রের প্রস্তাবিত ডিলিমিটেশন বিল নিয়ে নিজেদের অবস্থানেই অনড় রইলেন ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন।

শিল্পিকা চট্টোপাধ্যায় : বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেও শেষ পর্যন্ত বিশেষ লাভ হল না। কেন্দ্রের প্রস্তাবিত ডিলিমিটেশন বিল নিয়ে নিজেদের অবস্থানেই অনড় রইলেন ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন। রবিবার তাঁকে বোঝাতে চেন্নাইয়ে পৌঁছন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী-সহ বিরোধী জোটের একাধিক শীর্ষ নেতা। ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দীর্ঘ আলোচনার পরেও বিলের বিরোধিতা করতে রাজি করানো যায়নি স্ট্যালিনকে।

কেন্দ্রের প্রস্তাবিত ডিলিমিটেশন বা লোকসভা কেন্দ্র পুনর্বিন্যাসের উদ্যোগ ঘিরে বিরোধী শিবিরে তৈরি হয়েছে মতপার্থক্য। ডিএমকে এবং এনসিপি এই প্রস্তাবে সমর্থনের ইঙ্গিত দিয়েছে। অথচ শনিবারের বৈঠকে বিরোধী জোটের একাধিক দল সিদ্ধান্ত নিয়েছে, তারা সংসদে এই সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করবে। এই পরিস্থিতিতে জোটের ঐক্য ধরে রাখতে সরাসরি স্ট্যালিনের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন বিরোধী নেতারা। রাহুল গান্ধীও আবেদন জানিয়েছিলেন, তামিলনাড়ুর স্বার্থ এবং সংবিধান রক্ষার লড়াইয়ে ডিএমকে যেন বিরোধীদের পাশে থাকে।

কেন্দ্রের প্রস্তাবিত সংশোধনী বিলের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল লোকসভার আসনসংখ্যা বৃদ্ধি। কেন্দ্রের এই উদ্যোগের সঙ্গে মহিলা সংরক্ষণ আইন কার্যকর করার বিষয়টিও যুক্ত রয়েছে। অন্যদিকে, রাহুল গান্ধীর অভিযোগ, এই পুনর্বিন্যাসের ফলে দেশের নির্বাচনী মানচিত্রে রাজনৈতিক ভারসাম্য নষ্ট হতে পারে এবং বিজেপি সুবিধা পেতে পারে।

স্ট্যালিনের বক্তব্য, ডিএমকে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তামিলনাড়ু এবং তামিল জনগণের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেয়। রাজ্যের লোকসভা আসনের অনুপাত যাতে কমে না যায়, সেই বিষয়টিও দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিএমকে-র অবস্থান অনুযায়ী, সব রাজ্যে সমান হারে ৫০ শতাংশ আসন বৃদ্ধি করা হলে তামিলনাড়ুর বর্তমান প্রতিনিধিত্বের অনুপাত বজায় রাখার সুযোগ থাকবে। সেই কারণেই কেন্দ্রের সংশোধিত প্রস্তাবকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে দল।

৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা। সেখানে ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত প্রস্তাবগুলি নিয়ে আলোচনা হওয়ার কথা। বিরোধী জোটের একাংশ বিলের বিরোধিতা করলেও ডিএমকে-র মতো গুরুত্বপূর্ণ দলের সমর্থন রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments