ওয়েব ডেস্ক: বাইশ গজে আগুনে গতির বোলিংয়ে প্রতিপক্ষকে বারবার চাপে ফেলেছেন। এবার কি রাজনীতির ময়দানেও নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা মহম্মদ সামি? বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে এমনই জল্পনা ছড়িয়েছে জাতীয় রাজনীতিতে। রবিবার দিল্লিতে নিতিন নবীনের দপ্তরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন সামি। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি কুনওয়ার বাসিত আলিও।
সাক্ষাতের ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, সামি কি বিজেপিতে যোগ দিতে চলেছেন? আগামী ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সামির নিজের জেলা আমরোহা থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা।
তাৎপর্যপূর্ণ বিষয়, এর আগেও সেপ্টেম্বর মাসে রাষ্ট্রীয় লোক দলের প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরীর সঙ্গে দেখা করেছিলেন সামি। সেই সাক্ষাৎ ঘিরেও রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়েছিল। যদিও পরে জানানো হয়, আমরোহায় ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে সাহায্যের জন্য জয়ন্তকে ধন্যবাদ জানাতেই ওই সাক্ষাৎ।
আরও পড়ুন:
শামির পর সিরাজ! গম্ভীরের সিদ্ধান্তে শেষ হবে আরও এক পেসারের কেরিয়ার?
গত ৬ নভেম্বর টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন সামি। ৬৪টি টেস্টে তাঁর সংগ্রহ ২২৯টি উইকেট। তবে ওয়ানডে, টি-টোয়েন্টি ও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিজেপিতে যোগদান কিংবা নির্বাচনে লড়ার বিষয়ে সামি এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। বিজেপির তরফেও কোনও বিবৃতি আসেনি। ফলে আপাতত গোটা বিষয়টিই জল্পনার স্তরে।




