কণাদ দাশগুপ্ত
সংসদীয় রাজনীতিতে হুইপ জারি নতুন ঘটনা নয়। দলের অবস্থান মেনে সাংসদদের সংসদে উপস্থিত থাকা এবং নির্দিষ্ট বিলের পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়ার নির্দেশ দিতেই হুইপ জারি করা হয়। কিন্তু সীমানা পুনর্বিন্যাস বিলকে ঘিরে এবার সেই হুইপের বৈধতা নিয়েই প্রশ্ন উঠে গেল। কারণ, তৃণমূলের লোকসভায় চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি সাসপেন্ডেড হলেও সংসদীয় দলের চিফ হুইপের পদে রয়েছেন। তা হলে তাঁর পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কীভাবে হুইপ জারি করলেন? এই প্রশ্নেই এখন সরগরম সংসদের অলিন্দ।
শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদদের উদ্দেশে চিঠি দিয়ে হুইপ জারি করেন। সোমবার সংসদের বিশেষ অধিবেশনে উপস্থিত থেকে দলের অবস্থানকে সমর্থন করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সংসদীয় বিধি অনুযায়ী, চিফ হুইপের দায়িত্ব অক্ষুণ্ণ থাকলে অন্য কেউ তাঁর পরিবর্তে হুইপ জারি করতে পারেন কি না, তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।
রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, হুইপ জারি করার এক্তিয়ার একমাত্র চিফ হুইপের। ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দায়িত্বে থাকা অবস্থায় অভিষেকের জারি করা নির্দেশের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন থাকছে। অন্য অংশের পাল্টা যুক্তি, সংসদীয় দলে দলনেতাই সর্বোচ্চ। চিফ হুইপ অনুপস্থিত বা দায়িত্ব পালনে অপারগ হলে দলনেতা কিংবা দলের মনোনীত সাংসদ হুইপ জারি করতে পারেন। ফলে এই ক্ষেত্রে সংসদীয় রীতি ও বিধির ব্যাখ্যাই হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন:
মানচিত্রের নতুন রেখায় বদলে যেতে চলেছে বাংলার রাজনীতির চেনা সমীকরণ
উল্লেখ্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ডেড হলেও তাঁর চিফ হুইপের পদ অক্ষুণ্ণ রয়েছে বলে সংসদীয় মহলে মত। সেই পরিস্থিতিতে অভিষেকের জারি করা হুইপকে কতটা আনুষ্ঠানিক নির্দেশ হিসেবে গণ্য করা হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট সাংসদদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন বা হুইপ অমান্যের বিধি প্রয়োগ করা যাবে কি না।
এর সঙ্গে যুক্ত হয়েছে তৃণমূলের সাংগঠনিক ভাঙন। এনসিপিআইয়ে যোগ দেওয়া ২০ সাংসদের দলীয় পরিচয় এখনও স্পিকার ওম বিড়লার সরকারি স্বীকৃতি পায়নি। ফলে সংসদের নথিতে তাঁরা এখনও তৃণমূলের সাংসদ হিসেবেই বিবেচিত। অন্যদিকে, এনসিপিআইয়ের তরফে কাকলি ঘোষদস্তিদার পৃথক হুইপ জারি করতে পারেন বলে জানা যাচ্ছে।
সব মিলিয়ে সোমবারের ভোটাভুটির আগে সবচেয়ে বড় প্রশ্ন শুধু কোন দল কোন অবস্থান নিচ্ছে, তা নয়—প্রশ্ন, হুইপ জারির সাংবিধানিক ও সংসদীয় অধিকার কার হাতে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ থাকা অবস্থায় অভিষেকের নির্দেশ কতটা বৈধ, তার উত্তরই এখন রাজনৈতিক ও সংসদীয় মহলের নজরে।




