ওয়েব ডেস্ক : রাজ্যে ক্ষমতা দখলের পর কেটে গিয়েছে প্রায় সাত মাস। এই সময়ের মধ্যে সরকার কতটা প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছে, প্রশাসনিক স্তরে কতটা পরিবর্তন এসেছে এবং সাধারণ মানুষের কাছে সরকারের কাজের প্রভাব কতটা পৌঁছেছে, এবার তারই হিসাব চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দিল্লিতে দলের দু’দিনের জাতীয় পদাধিকারীদের বৈঠকে বাংলার সরকার ও সংগঠনের কাজকর্ম বিশেষ গুরুত্ব পেয়েছে। শুক্রবার শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
বিজেপি সূত্রের খবর, বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে রাজ্যের নেতৃত্বকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, শুধু ঘোষণা কিংবা প্রচার দিয়ে সরকারের সাফল্য বিচার করা যাবে না। বাস্তবে সেই সিদ্ধান্তের সুফল সাধারণ মানুষ পাচ্ছেন কি না, তা যাচাই করতে হবে। সরকার এবং শাসক দল—দু’পক্ষের কাজ নিয়েই সাধারণ মানুষের মতামত সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই প্রতিক্রিয়ার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপও করতে হবে।
মূলত আগামী বছর উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই বৈঠকে প্রাথমিক রণকৌশল তৈরির কাজ চলছে। বাংলায় বিজেপির ক্ষমতা দখলের অভিজ্ঞতা এবং নির্বাচনী কৌশল থেকে শিক্ষা নিয়ে অন্য রাজ্যগুলির জন্য পরিকল্পনা সাজাতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে জাতীয় পদাধিকারীদের বৈঠকে বাংলার রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি বিশেষ গুরুত্ব পেয়েছে।
তবে কেন্দ্রীয় নেতৃত্বের এই পর্যালোচনার পিছনে রয়েছে আরও একটি তাৎপর্য। ক্ষমতায় আসার পর দলের একাংশের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্ব, তোলাবাজি এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। কয়েকজন বিধায়ক ও জনপ্রতিনিধির বিরুদ্ধে সংগঠনকে উপেক্ষা করে নিজেদের মতো করে কাজ করার অভিযোগও সামনে এসেছে। এই পরিস্থিতিতে সরকার ও দলের মধ্যে সমন্বয় বাড়ানো কেন্দ্রীয় নেতৃত্বের অন্যতম লক্ষ্য।
সম্প্রতি সেবাদূত কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনোর উদ্যোগও নিয়েছে রাজ্য বিজেপি। ১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি ও দলীয় নেতারা অন্য নির্বাচনী এলাকায় গিয়ে সরকারি প্রকল্পের বাস্তবায়ন এবং মানুষের অভাব-অভিযোগ খতিয়ে দেখবেন।
অর্থাৎ সাত মাসের মাথায় বাংলার বিজেপি সরকারের কাছে কেন্দ্রের প্রত্যাশা স্পষ্ট—ঘোষণার রাজনীতি ছেড়ে বাস্তব কাজের নিরিখে সাফল্য দেখাতে হবে। একই সঙ্গে সংগঠনের ভিত মজবুত করাও জরুরি।




