ওয়েব ডেস্ক: ধর্ষণের অভিযোগে আগেই গ্রেপ্তার হয়েছিলেন তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস। এবার তাঁর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠল। ক্যানিং থানাতে গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। পরেশরাম দাস সহ আরও ৮ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ।
জানা গিয়েছে, থানায় অভিযোগ দায়ের করতে এসে নির্যাতিতা জানিয়েছেন, ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন। মনোনয়নপর্বে তাঁকে মারধর করা হয়। শুধু তাই নয়, তাঁকে অন্য জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে। চলতি মাসের শুরুতেই ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছিলেন পরেশরাম দাস। বিধায়কের কাছ থেকে উদ্ধার হওয়া ফোন পরীক্ষা করে দেখা হচ্ছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইনেও অভিযোগ রয়েছে।
মাতলা নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগও ওঠে। পঞ্চায়েত ভোটের মনোয়ন জমা দেওয়ার সময় রাজনৈতিক অশান্তির ঘটনায় সিআইডি তলব করেছিল পরেশকে। গ্রেপ্তারির পর আদালতে পুলিশ জানিয়েছে, শুধু ধর্ষণের মামলা নয়, পরেশের বিরুদ্ধে আরও ৩২টি মামলা রয়েছে।




