কলকাতা: বাংলায় শিল্পায়নের পথে দু’টি বিষয়কে কোনওভাবেই বাধা হয়ে দাঁড়াতে দিতে চায় না রাজ্যের বিজেপি সরকার এক) তোলাবাজি এবং দুই) জমি অধিগ্রহণে জবরদস্তি। শিল্পের পরিবেশ নষ্ট করার চেষ্টা হলে কঠোর প্রশাসনিক পদক্ষেপ করা হবে। আবার শিল্পের প্রয়োজনে কোনও কৃষকের জমিও গায়ের জোরে নেওয়া হবে না। শুক্রবার দিল্লিতে এই দ্বিমুখী অবস্থান স্পষ্ট করে দিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়।
দিল্লির বেঙ্গলি অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যোগ দিয়ে শিল্পমন্ত্রী জানান, রাজ্যে শিল্পের জন্য নতুন জমিনীতি তৈরি হচ্ছে। আগামী দু’-তিন মাসের মধ্যে সেই নীতি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। তাঁর বক্তব্য, কোনও কৃষক স্বেচ্ছায় জমি বিক্রি করতে চাইলে সরকার মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে। কিন্তু প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে জমি অধিগ্রহণের কোনও প্রশ্নই নেই। সিঙ্গুর-নন্দীগ্রামের অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এই সতর্ক অবস্থান বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, শিল্পাঞ্চলে তোলাবাজি ও সিন্ডিকেটের অভিযোগ নিয়েও সরব হয়েছেন তাপস। এখনও কোনও শিল্পপতি সরাসরি তাঁর কাছে অভিযোগ জানাননি বলে দাবি করলেও, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে কাউকে রেয়াত করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রীদের নাম ভাঙিয়ে টাকা আদায়ের চেষ্টা হলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:
রবিবার ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! বিকল্প রাস্তায় যান চলাচলের পরিকল্পনা করল পুলিশ
তাপসের দাবি, ইতিমধ্যেই ১৬টি দেশ থেকে বাংলায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়েছে। ৩৩টি শিল্প সংস্থাকে জমি দেওয়া হয়েছে, আরও ৩৩টি সংস্থাকে জমি হস্তান্তরের প্রস্তুতি চলছে। কল্যাণী, পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, পানাগড় থেকে উত্তরবঙ্গ—বিভিন্ন এলাকায় শিল্পের পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ চলছে।
শিল্পায়নের পাশাপাশি কৃষকের অধিকার সুরক্ষা এবং তোলাবাজিমুক্ত পরিবেশ—এই দুইয়ের সমন্বয় ঘটিয়েই বাংলাকে বিনিয়োগের নতুন গন্তব্য করে তোলার বার্তা দিয়েছেন শিল্পমন্ত্রী।




