ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গে সংগঠনকে আরও শৃঙ্খলাবদ্ধ ও শক্তিশালী করতে এবার কঠোর অবস্থান নিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের নির্দেশ অমান্য করা কিংবা ব্যক্তিগত সিদ্ধান্তে সংগঠনের কাজ পরিচালনার প্রবণতা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। শুক্রবার বঙ্গ-দলের নেতৃত্বের সঙ্গে বৈঠকে এমনই স্পষ্ট বার্তা দিলেন বাংলায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। তাঁর হুঁশিয়ারি, দলীয় নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট নেতা বা পদাধিকারীকে কঠোর সাংগঠনিক শাস্তির মুখে পড়তে হবে।
সাম্প্রতিক সময়ে বঙ্গ বিজেপির বিভিন্ন স্তরে গোষ্ঠীদ্বন্দ্ব, দলীয় কোন্দল, তোলাবাজি এবং নির্দেশ অমান্য করার অভিযোগ ক্রমশ বাড়ছে। বিশেষ করে মণ্ডল ও বুথস্তরের একাংশের নেতার বিরুদ্ধে দলবিরোধী কাজ এবং বিরোধী দলের কার্যালয় দখলের অভিযোগ কেন্দ্রীয় নেতৃত্বের উদ্বেগ বাড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে সাংগঠনিক স্তরে নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে ইতিমধ্যেই এক জেলা সভাপতি-সহ ২২ জন পদাধিকারীকে শোকজ নোটিস পাঠানোর খবর সামনে এসেছে। সন্তোষজনক জবাব না মিললে তাঁদের বিরুদ্ধে সাসপেনশন-সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
বনসলের এই কঠোর অবস্থানের পিছনে রয়েছে আগামী দিনের রাজনৈতিক প্রস্তুতিও। পুরসভা নির্বাচন থেকে শুরু করে বুথস্তরে সংগঠন মজবুত করা, প্রতিটি ক্ষেত্রেই দায়িত্বশীল নেতৃত্ব চাইছে বিজেপি। ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সংগঠন পরিচালনা নয়, বরং সমষ্টিগত সিদ্ধান্ত এবং কেন্দ্রীয় নির্দেশ মেনে কাজ করার উপর জোর দেওয়া হচ্ছে।
রাজনৈতিক মহলের মতে, রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির সামনে এখন দ্বিমুখী চ্যালেঞ্জ। একদিকে প্রশাসনিক দায়িত্ব পালন, অন্যদিকে দলের সাংগঠনিক কাঠামোকে শৃঙ্খলাবদ্ধ রাখা। সুনীল বনসলের এই বার্তা বুঝিয়ে দিচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে কোনও শিথিলতা দেখাতে নারাজ কেন্দ্রীয় নেতৃত্ব।




