ওয়েব ডেস্ক: বিশ্বের ধর্মীয় মানচিত্রে বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিল ওয়াশিংটনের পিউ (PEW) রিসার্চ সেন্টার। বর্তমান জনসংখ্যা বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যেই বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে খ্রিস্টানদের পিছনে ফেলে দিতে পারে ইসলাম। শুধু তাই নয়, আগামী কয়েক দশকে হিন্দু ও বৌদ্ধদের বিশ্বজনসংখ্যায় আনুপাতিক অবস্থানেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে এই গবেষণা। অর্থাৎ, ধর্মীয় পরিচয়ের নিরিখে বিশ্বজুড়ে জনসংখ্যার ভারসাম্য নতুন রূপ নিতে পারে।
১৮ নভেম্বর প্রকাশিত ‘দ্য ফিউচার অফ ওয়ার্ল্ড রিলিজিয়ন্স: পপুলেশন গ্রোথ প্রোজেকশনস, ২০২০-২০৭০’ শীর্ষক রিপোর্টে ২০১টি দেশ ও অঞ্চলের পরিসংখ্যান বিশ্লেষণ করা হয়েছে। সেই হিসেব অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিস্টান জনসংখ্যা ছিল প্রায় ২২৭ কোটি। মুসলিম জনসংখ্যা ছিল ২০২ কোটি। কিন্তু ২০৩৫ সালে মুসলিম জনসংখ্যা বেড়ে ২৫৭ কোটি এবং খ্রিস্টান জনসংখ্যা ২৫২ কোটি হতে পারে।
এই পরিবর্তনের পিছনে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে মুসলিম জনগোষ্ঠীর তুলনামূলক বেশি জন্মহার এবং কম বয়সি জনসংখ্যা। গবেষণার হিসেব অনুযায়ী, মুসলিম মহিলাদের গড় সন্তান জন্মদানের হার ৩.১, খ্রিস্টান মহিলাদের ক্ষেত্রে যা ২.৫।
আরও পড়ুন:
পরমাণু অস্ত্রমুক্ত পৃথিবীর স্বপ্ন জিনপিংয়ের, বাস্তবতার যুক্তিতে স্বপ্নভঙ্গ করলেন ট্রাম্প
হিন্দুদের ক্ষেত্রেও রয়েছে উল্লেখযোগ্য পরিসংখ্যান। ২০২০ সালে বিশ্বে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় ১১৮ কোটি। ২০৭০ সালে তা বেড়ে ১৩৮ কোটি হতে পারে। কিন্তু বিশ্বজনসংখ্যায় তাঁদের অনুপাত ১৪.৯ শতাংশ থেকে কমে ১৩.৬ শতাংশে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। বৌদ্ধদের সংখ্যাও ৩২ কোটি থেকে কমে ২৫ কোটি হতে পারে।
তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, এগুলি নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়। জন্মহার, অভিবাসন ও ধর্মীয় পরিচয়ের পরিবর্তনের বর্তমান প্রবণতার ভিত্তিতে তৈরি সম্ভাব্য হিসেব। যুদ্ধ, মহামারি কিংবা সামাজিক পরিবর্তনে এই চিত্র বদলে যেতে পারে।




