ওয়েব ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সে ভারতীয় দলে সুযোগ পেয়ে সকলের মন জয় করেছে বৈভব সূর্যবংশী। তার ভয়ডরহীন ব্যাটিং নিয়ে আলোচনা চলছে ক্রিকেট বিশ্বে। এবার ভারতের মেয়েদের দলেও একজন বৈভবকে চাইছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর মতে, মেয়েদেরও বৈভবের মতো আগ্রাসী ক্রিকেট খেলতে হবে।
জয়পুরের নাহারগড় ফোর্টে নিজের মোমের মূর্তি উদ্বোধন করতে গিয়ে হরমনপ্রীত বলেন, “অবশ্যই বৈভবকে পছন্দ করি। যে ভাবে ক্রিকেট খেলছে, তাতে ও একটা উদাহরণ তৈরি করেছে।”
তাঁর বিশ্বাস, নতুন যে মহিলা ক্রিকেটাররা উঠে আসছেন, তাঁরাও বৈভবের মতোই আগ্রাসী ক্রিকেট খেলবেন। শুধু ভারতে নয়, গোটা বিশ্বেই তাঁরা দাপট দেখাবেন। মহিলাদের ক্রিকেটের ভাবমূর্তিও বদলে দেবেন। পাশাপাশি সুন্দর ক্রিকেট খেলেও সবার নজর কাড়বেন বলে মনে করেন তিনি।
আরও পড়ুন:
বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, বৈভবের নির্ভীক মানসিকতা উঠতি মহিলা ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে। তাঁরা আরও আত্মবিশ্বাসী হয়ে ব্যাট করবেন। এতে ভারতের মহিলা ক্রিকেট আরও উন্নত হবে। এ দিন নাহারগড় ফোর্টে হরমনপ্রীতের মোমের মূর্তি উন্মোচিত হয়। ওই ফোর্টে আগে থেকেই রয়েছে সচিন তেন্ডুলকর ও মহেন্দ্র সিংহ ধোনির মোমের মূর্তি। হরমনপ্রীত প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে সেখানে জায়গা পেলেন।




