ওয়েব ডেস্কঃ কলকাতার বিবাদী বাগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবাদপ্রতিম কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন ঘিরে তৈরি হল ব্যতিক্রমী আবহ। শুক্রবার, তাঁর জন্মদিনে রিজার্ভ ব্যাঙ্কের কাছে স্থাপিত এই মূর্তি শুধু রাজনৈতিক স্মৃতির স্মারক নয়, শিল্পকর্ম হিসেবেও বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।
মূর্তিটি তৈরি হয়েছে রাজস্থানের জয়পুরের রঙিন মার্বেল পাথর দিয়ে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, গোটা মূর্তিটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে একটি মাত্র পাথর। প্রিয়রঞ্জনের নিজের উচ্চতা ছিল ৫ ফুট ২ ইঞ্চি। মূর্তিটির উচ্চতাও ঠিক ততটাই রাখা হয়েছে। প্রয়াত নেতার পোশাক ও অবয়ব যথাযথভাবে ফুটিয়ে তুলতে শিল্পীকে দেওয়া হয়েছিল তাঁর বিভিন্ন সময়ের একাধিক ছবি। প্রথমবার নির্মাণে কিছু অসংগতি ধরা পড়ায় ফের ছবি মিলিয়ে সংশোধন করা হয়।
মূর্তি তৈরির কাজ শেষ করতে সময় লেগেছে প্রায় এক বছর। এরপর রাজস্থান থেকে সড়কপথে কলকাতায় সেটি নিয়ে আসতে আরও তিন দিন সময় লাগে।
উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস, তৃণমূল এবং বাম শিবিরের একাধিক নেতা। সবাই প্রিয়রঞ্জনের রাজনৈতিক জীবন ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিত্বের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে প্রকাশিত হয় তাঁর স্মৃতিসংকলন ‘প্রিয়-ভাষ’। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী সমীর আইচ।
মূর্তির মাথায় ছাউনি দেওয়ার পাশাপাশি নিয়মিত পরিষ্কারের প্রস্তাবও উঠেছে। সব মিলিয়ে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে প্রিয়রঞ্জনের গ্রহণযোগ্যতাই নতুন করে আলোচনায় ফিরল।




