ওয়েব ডেস্কঃ আসন্ন পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন ঘিরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনওরকম নির্বাচনী সমঝোতা বরদাস্ত করবে না সিপিএম। দলের কোনও নেতা বা কর্মী স্থানীয় স্তরে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা কিংবা পুরসভা-পঞ্চায়েত দখলের জন্য বোঝাপড়ায় জড়ালে তাঁর বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দু’দিনের রাজ্য কমিটির বৈঠক থেকে জেলা নেতৃত্বকে সেই নির্দেশই দিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট।
দলের এই অবস্থানের মাধ্যমে তৃণমূলের সঙ্গে রাজনৈতিক দূরত্ব বজায় রাখার বার্তা আরও স্পষ্ট করল সিপিএম। বিশেষত, জাতীয় স্তরে বিজেপিবিরোধী আন্দোলনে তৃণমূলের সঙ্গে যোগাযোগ তৈরি হলেও বাংলার নির্বাচনী রাজনীতিতে কোনও সমঝোতার জায়গা রাখতে নারাজ রাজ্য নেতৃত্ব। দলের সাধারণ সম্পাদক এম এ বেবির উদ্যোগে জাতীয় স্তরে বিরোধী ঐক্যের আলোচনা এবং বাংলার রাজনৈতিক বাস্তবতাকে আলাদা করে দেখছে আলিমুদ্দিন।
বৈঠকে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে বাম প্রার্থীদের পরাজয়কে প্রত্যাশিত ফল হিসেবেই ব্যাখ্যা করা হয়েছে বলে খবর। একই সঙ্গে সংগঠন মজবুত করতে সদস্যসংখ্যা বৃদ্ধি, মহিলা ও পিছিয়ে পড়া অংশের মানুষের অংশগ্রহণ বাড়ানো এবং নিয়মিত পার্টি ক্লাসের উপর জোর দেওয়া হয়েছে।
এদিকে ১৫ থেকে ২২ নভেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে বাড়ি বাড়ি বুক স্টল কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, শিক্ষা ও সংস্কৃতির উপর আক্রমণ এবং এসআইআর বাতিলের দাবিতে এক মাসব্যাপী আন্দোলনও গড়ে তুলতে চায় সিপিএম। অর্থাৎ, নির্বাচনী সমঝোতার প্রশ্নে কঠোর অবস্থানের পাশাপাশি সংগঠন পুনর্গঠন ও রাজনৈতিক জমি ফিরে পাওয়াই এখন আলিমুদ্দিনের লক্ষ্য।




