HomeBig Breakingখাড়গের পর প্রিয়াঙ্কা? কংগ্রেসের অন্দরে নতুন সমীকরণের জল্পনা

খাড়গের পর প্রিয়াঙ্কা? কংগ্রেসের অন্দরে নতুন সমীকরণের জল্পনা

কংগ্রেসের সাংগঠনিক নেতৃত্বে বড়সড় পরিবর্তন হতে পারে

কণাদ দাশগুপ্ত, কলকাতা: প্রিয়াঙ্কাকে সভানেত্রী করেই কি ২০২৯-এর লোকসভা নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস? সম্ভবত তাই-ই‌। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির মোকাবিলায় আগামী লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের সাংগঠনিক নেতৃত্বে বড়সড় পরিবর্তন হতে পারে। আর সেই সম্ভাবনার কেন্দ্রে উঠে আসছে প্রিয়াঙ্কা গান্ধীর নাম। তাঁকে দলের সর্বভারতীয় সভানেত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে কি না, তা নিয়ে জাতীয় রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। দলের একাংশের মতে, প্রিয়াঙ্কার সাংগঠনিক দক্ষতা, বক্তৃতার ক্ষমতা এবং জনসংযোগকে আরও বড় পরিসরে কাজে লাগানো প্রয়োজন।

বর্তমানে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে তাঁর নেতৃত্বের মেয়াদ শেষ হওয়ার পর দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা আরও জোরদার হতে পারে। অন্যদিকে, রাহুল গান্ধী সংসদে বিরোধী দলনেতা হিসেবে বিজেপি সরকারের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ চালাচ্ছেন। ফলে রাহুলের পাশাপাশি প্রিয়াঙ্কাকেও গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়ার দাবি উঠছে।

সম্প্রতি দলের সাংগঠনিক পুনর্বিন্যাস এবং বিভিন্ন রাজ্যের নির্বাচনী প্রস্তুতিতে প্রিয়াঙ্কার ভূমিকা নিয়ে আলোচনা বেড়েছে। অসমের নির্বাচনী প্রস্তুতিতেও তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। দলের প্রবীণ নেতা দিগ্বিজয় সিংও প্রিয়াঙ্কার রাজনৈতিক দক্ষতার প্রশংসা করে তাঁকে আরও বড় দায়িত্ব দেওয়ার পক্ষে সওয়াল করেছেন।

তবে তাঁকেই সভাপতি করার বিষয়ে কংগ্রেসের কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা এখনও প্রকাশ্যে আসেনি। ফলে ২০২৯-এর লোকসভা নির্বাচনে প্রিয়াঙ্কাকে সামনে রেখেই কংগ্রেস লড়বে, নাকি রাহুল-প্রিয়াঙ্কার যুগল নেতৃত্বেই এগোবে দল, সেই প্রশ্ন আপাতত রাজনৈতিক মহলে জোরালো।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments