ওয়েব ডেস্ক : বকেয়া মহার্ঘ ভাতা বা DA নিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষা কি এ বার নতুন কোনও মোড় নিতে চলেছে?
মঙ্গলবার, ৩ নভেম্বর সুপ্রিম কোর্টে ফের উঠতে পারে ডিএ মামলা। শীর্ষ আদালতের সম্ভাব্য শুনানির তারিখ ঘিরে আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। গত ২৭ অক্টোবর মামলাটি তালিকাভুক্ত থাকলেও শেষ পর্যন্ত শুনানি হয়নি। এ বার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি শ্রী চন্দ্রশেখরের বেঞ্চে মামলাটি ওঠার সম্ভাবনা রয়েছে।
ডিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভূমিকা ঘিরে কর্মচারী মহলে দীর্ঘদিনের ক্ষোভ। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বছরের পর বছর আন্দোলন, মামলা এবং আইনি লড়াই চালাতে হয়েছে কর্মীদের। গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়েছে, ডিএ সরকারি কর্মীদের আইনত স্বীকৃত অধিকার। ২০০৮ থেকে ২০১৯ সালের বকেয়া মেটানোর নির্দেশও দিয়েছে আদালত। অথচ বকেয়া পরিশোধের সময়সীমা ও আর্থিক দায় নিয়ে রাজ্যকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে। সরকারের এই দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন উঠছে।
বকেয়া হিসাব এবং পরিশোধের প্রক্রিয়া তদারকিতে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে বিশেষ কমিটি রয়েছে। ইতিমধ্যে কয়েক দফায় টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু সমস্ত কর্মীর প্রাপ্য মেটানো এবং নির্দিষ্ট সময়সীমা মেনে তা সম্পূর্ণ করাই এখন বড় চ্যালেঞ্জ। মঙ্গলবারের শুনানিতে সেই প্রক্রিয়া নিয়ে আদালত কী অবস্থান নেয়, সেদিকেই তাকিয়ে কর্মচারী মহল।




