ওয়েব ডেস্ক: প্রতিবছরের মতো এবছরও দূষণের জেরে জেরবার দিল্লি। শীত আসার আগেই প্রতিবছর দিল্লিতে দূষণ বৃদ্ধি পায়। এবার পরিস্থিতি সামাল দিতে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। রবিবার থেকে এই নির্দেশ জারি করা হয়েছে। নির্দেশিকায় বলায় হয়েছে গাড়ি চালানো থেকে একাধিক বিষয়ে নজরদারি থাকবে।
১ নভেম্বর ২০২৬ থেকে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে সমস্ত নন-বিএস সিক্স গাড়ির প্রবেশ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে। কেউ যদি নিয়ম না মানে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হবে। বেসরকারি ও সরকারি সব কর্মীদের মধ্যে ৫০ শতাংশকে বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কাজের ক্ষেত্রগুলো এই নির্দেশিকার বাইরে রয়েছে। পাশাপাশি এই নির্দিষ্ট সময়ে খোলা জায়গায় সমস্ত ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ধুলো নিয়ন্ত্রণের নিয়ম মেনে ঘরের ভিতরের ফিনিশিং, প্লাম্বিং ও ইলেকট্রিক কাজ করা যাবে।
রাস্তাতে ভিড় নিয়ন্ত্রণ রাখতে সরকারি দপ্তরের কাজের সময়ের বদল করা হয়েছে। ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমাতে পার্কিং ফি বাড়ানো হয়েছে। সমস্ত নির্দেশিকা ঠিক মতো পালন হচ্ছে কিনা, তা দেখার জন্য মোতায়েন করা হয়েছে বিশেষ নজরদারি দল এবং স্বয়ংক্রিয় এএনপিআর ক্যামেরা। ১ নভেম্বর থেকে পেট্রল পাম্পগুলিতে চালু হচ্ছ ‘নো পিইউসি, নো ফুয়েল’ নিয়ম। এর জন্য দিল্লির ৫০০টি পাম্পে এএনপিআর ক্যামেরা বসানো হয়েছে।




