হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজডুবির পর সমুদ্রে ভাসতে দেখা গেল হাজার হাজার আইফোন ও দামি পারফিউম। সেই দৃশ্যের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি, জলে ভাসতে থাকা পণ্য উদ্ধার করতে নৌকা নিয়ে হাজির হচ্ছেন অনেকে।
সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটির নাম ‘জিএফএস প্রাইড’। দুবাই থেকে প্রায় আড়াই হাজার কন্টেনার নিয়ে যাচ্ছিল সেটি। সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, ওই কন্টেনারগুলির মধ্যে আইফোন এবং দামি পারফিউমও ছিল। সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি জানিয়েছে, জাহাজের ২১ জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় হতাহতের খবর নেই।
বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, বুধবার জাহাজটিতে হামলার পর আগুন ধরে যায় এবং শেষ পর্যন্ত সেটি ডুবে যায়। তবে ঘটনার কারণ নিয়ে ভিন্ন দাবি সামনে এসেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড করপসের দাবি, অনুমোদনহীন পথে যাওয়ার সময় সমুদ্রের মাইনে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। জাহাজডুবির পরিস্থিতি এবং পণ্য উদ্ধারের ঘটনা ঘিরে হরমুজ প্রণালিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।




