কলকাতা: বনগাঁয় সিপিএমের বুক স্টল তৈরির অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে স্টল তৈরির ক্ষেত্রে একাধিক শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। পার্টি অফিসের ১০০ মিটারের মধ্যে স্টল তৈরি করতে হবে। পাশাপাশি, স্টল নির্মাণের সময় এবং পরবর্তী সময়ে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামী ২৩ নভেম্বর জেলা পুলিশ সুপারকে আদালতে রিপোর্ট জমা দিতে হবে।
শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্রের বক্তব্য, হাইওয়ের উপর কোনও নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। তাই বুক স্টল তৈরির অনুমতি দেওয়ার বিরোধিতা করে রাজ্য। অন্য দিকে, বিচারপতি প্রশ্ন তোলেন, অন্যদের অস্থায়ী স্টল থাকলে সিপিএমের ক্ষেত্রে পৃথক নিয়ম প্রয়োগ করা হবে কেন? আইন সবার জন্য সমান হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশের নিরাপত্তা দেওয়ার ভূমিকা নিয়েও শুনানিতে আলোচনা হয়। বিচারপতির পর্যবেক্ষণ, এক পক্ষের ক্ষেত্রে বাধা এবং অন্য পক্ষের ক্ষেত্রে নিষ্ক্রিয়তা নিরপেক্ষতার প্রশ্ন তুলতে পারে। রাজ্যের তরফে জানানো হয়, সিপিএম সংশ্লিষ্ট দফতরের কাছে অনুমতি চায়নি। সব পক্ষের বক্তব্য শোনার পর শর্তসাপেক্ষে বুক স্টল তৈরির অনুমতি দেয় আদালত।




