ওয়েব ডেস্ক: মণিপুরে শান্তি ফেরানোর উদ্যোগের মধ্যেই নতুন করে হিংসার বিস্ফোরণ। গত ৪৮ ঘণ্টায় সংঘর্ষে অন্তত ন’জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং। রাজ্যে স্বাভাবিক অবস্থা ফেরাতে মণিপুর সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী বলে সূত্রের খবর। কিন্তু লাগাতার অশান্তির আবহে প্রশ্ন উঠছে, নির্ধারিত সময়ে বিধানসভা নির্বাচন সম্ভব হবে তো?
শুক্রবার রাতে কামজং জেলার চাসাদ গ্রামে প্রতিবাদ চলাকালীন এক মহিলাকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে। তার পরেই নতুন করে ছড়ায় হিংসা। পরিস্থিতি নিয়ন্ত্রণে চাসাদ পুলিশ গেট জংশনের ৪০০ মিটার ব্যাসার্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৬২ ধারা জারি করেছে জেলা প্রশাসন। নিষেধাজ্ঞা অনুযায়ী, পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত করা যাবে না।
মণিপুরে অশান্তি অবশ্য নতুন নয়। ২০২৩ সালের মে মাসে মেইতেই ও কুকি সম্প্রদায়ের সংঘর্ষে ২৬০-র বেশি মানুষের মৃত্যু হয়। দীর্ঘ অস্থিরতার জেরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন তৎকালীন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। পরে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন খেমচাঁদ সিং।




