রাতের অন্ধকারে বিজেপির পার্টি অফিসে হামলা! পতাকা-ফেস্টুন ছিঁড়ে ভাঙচুর

ওয়েব ডেস্ক: রাতের অন্ধকারে রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত দুর্গাপুরের ফরিদপুর। ৩৩ নম্বর ওয়ার্ডের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে।

বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে একদল দুষ্কৃতী তাদের দলীয় কার্যালয়ে ঢুকে তাণ্ডব চালায়। কার্যালয়ে থাকা দলীয় পতাকা, ফেস্টুন এবং অন্যান্য সামগ্রী ছিঁড়ে ফেলে দেওয়া হয়। এমনকী বিজেপি নেতৃত্বের ছবি লাগানো ফেস্টুনও মাটিতে ফেলে নষ্ট করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, কার্যালয়ে লাগানো সিসি ক্যামেরার সংযোগের তারও ছিঁড়ে দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির।

ঘটনার খবর সামনে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। কারা এই ভাঙচুরের সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:

গ্রামীণ কর্মীদের দৈনিক মজুরি ৪০০ টাকা করার ভাবনা, কেন্দ্রকে প্রস্তাব শুভেন্দুর

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন দুর্গাপুরের ২ নম্বর মণ্ডলের বিজেপির সহ-সভাপতি নিরঞ্জন মণ্ডল। তাঁর অভিযোগ, দলীয় কার্যালয়ে হামলার পাশাপাশি নেতৃত্বের ছবি পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে পুলিশের তদন্তের উপর আস্থা প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন।

রাজনৈতিক দলের কার্যালয়ে রাতের অন্ধকারে এই ভাঙচুরের ঘটনায় স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন। তবে এই হামলার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্তের পরেই সামনে আসবে প্রকৃত ঘটনা।

Comments

Leave a Reply