ওয়েব ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আপত্তি নেই ভারতের। তবে তাঁর প্রত্যাবর্তনের আগে ঢাকার কাছ থেকে দু’টি গুরুত্বপূর্ণ নিশ্চয়তা চাইছে নয়াদিল্লি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাসিনার নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত না হলে তাঁকে বাংলাদেশের হাতে তুলে দিতে রাজি নয় ভারত। বিবিসি বাংলার একটি প্রতিবেদনের সূত্র ধরে এই খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।
২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশে গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর সামরিক বিমানে ভারতে চলে এসেছিলেন শেখ হাসিনা। তারপর থেকে ভারতেই রয়েছেন তিনি। সম্প্রতি আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন আওয়ামি লিগের সভানেত্রী। সেই প্রত্যাবর্তনের পথ তৈরি করতে গত কয়েক মাস ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে বলে দাবি প্রতিবেদনে।
ভারতের প্রথম শর্ত, হাসিনাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে বাংলাদেশের সেনাবাহিনীকে। প্রয়োজনে দিল্লি থেকে সামরিক বিমানে তাঁকে নিয়ে যেতে পারে ঢাকা। অথবা স্থলসীমান্তের নির্দিষ্ট কোনও জায়গায় সেনাবাহিনীর প্রতিনিধিরা তাঁকে গ্রহণ করতে পারেন।
আরও পড়ুন:
৯/১১-র পর সবচেয়ে বড় বিমান বিপর্যয়! আমেরিকায় স্তব্ধ উড়ান পরিষেবা, দুর্ভোগে লক্ষ লক্ষ যাত্রী
দ্বিতীয় শর্তটি আরও গুরুত্বপূর্ণ। বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন হাসিনা। ভারতের দাবি, সেই সাজাকে চ্যালেঞ্জ করার সুযোগ দিতে হবে তাঁকে। পাশাপাশি ২০২৪ সালের জুলাই-অগস্টের গণআন্দোলন ঘিরে হিংসার অভিযোগে নতুন করে স্বচ্ছ ও নিরপেক্ষ বিচারপ্রক্রিয়া নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক মহল ও সংবাদমাধ্যমের নজরদারিতেও সেই বিচারপ্রক্রিয়া চালানোর কথা বলা হয়েছে।
উল্লেখ্য, ৯ নভেম্বর নতুন পাসপোর্ট ও ভ্রমণ নথির জন্য বাংলাদেশের সরকারের কাছে আবেদন করেছেন হাসিনা। তবে ঢাকা এখনও সেই আবেদনে ইতিবাচক সাড়া দেয়নি।
১৩ নভেম্বর বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বিষয়ে সরাসরি মন্তব্য করতে চাননি। ফলে ভারতের অবস্থান নিয়ে সরকারি নিশ্চয়তা এখনও মেলেনি। ডিসেম্বরের মধ্যে হাসিনার প্রত্যাবর্তন কতটা বাস্তবসম্মত, তা নিয়েও সংশয় রয়েছে।




