কণাদ দাশগুপ্ত: কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের সম্ভাবনা ঘিরে নতুন করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক জল্পনা। সব ঠিক থাকলে আগামী ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মন্ত্রিসভায় রদবদল অথবা সম্প্রসারণ করতে পারেন। রাজনৈতিক মহলে এমনই আলোচনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে কোনও সরকারি ঘোষণা করা হয়নি।
দীর্ঘদিন ধরেই মোদি মন্ত্রিসভায় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে চর্চা চলছে। বিজেপির সাংগঠনিক স্তরে নতুন নেতৃত্ব ও নতুন জাতীয় টিম তৈরির পর এবার সরকারের মন্ত্রিসভাতেও নতুন মুখ আনার সম্ভাবনা জোরালো হয়েছে। ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই মন্ত্রিসভা পুনর্গঠনের পরিকল্পনা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
আরও পড়ুন
খাড়গের পর প্রিয়াঙ্কা? কংগ্রেসের অন্দরে নতুন সমীকরণের জল্পনা
জল্পনা অনুযায়ী, এবার তরুণ প্রজন্মের প্রতিনিধিদের পাশাপাশি শরিক দলগুলিকেও বাড়তি গুরুত্ব দিতে পারে বিজেপি। অন্তত সাত থেকে আট জন নতুন সাংসদকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে বলে আলোচনা রয়েছে। একই সঙ্গে কয়েক জন বর্তমান মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন কিংবা তাঁদের মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
অভিনেতা- সাংসদ অরুণ গোভিল, NCPI-এর সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার, শিবসেনার বিদ্রোহী শিবিরের প্রতিনিধি এবং আপ ছেড়ে আসা রাঘব চাড্ডার নামও সম্ভাব্য নতুন মুখ হিসেবে আলোচনায় উঠে এসেছে। তবে এই নামগুলির কোনওটিই এখনও নিশ্চিত নয়। এছাড়া বাংলা থেকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য নতুন মন্ত্রিসভায় আসতে পারেন। মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে সাংসদ সৌমিত্র খানের। এছাড়া সুকান্ত মজুমদারের পূর্ণ মন্ত্রী হওয়ার কথাও শোনা যাচ্ছে ।
সংসদের শীতকালীন অধিবেশনের আগে এই রদবদল হলে তার রাজনৈতিক তাৎপর্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে। বিশেষত শরিকদের সমীকরণ, তরুণ নেতৃত্বের অন্তর্ভুক্তি এবং আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি—এই তিনটি বিষয়ই মোদি সরকারের নতুন মন্ত্রিসভা গঠনে প্রভাব ফেলতে পারে।




