ওয়েব ডেস্ক: প্রেমের গল্পের শুরু কেমব্রিজে। আর ভারতকে চেনার প্রথম পাঠ রাজীব গান্ধীর হাত ধরে। সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত আত্মজীবনী Belonging: A Journey of Love-এ উঠে এসেছে তাঁদের ব্যক্তিগত জীবনের এমন কিছু মুহূর্ত, যা এত দিন রাজনীতির আলোচনার আড়ালেই ছিল। সেই স্মৃতির অন্যতম আকর্ষণ সত্যজিৎ রায়ের সিনেমা।রাজনীতির বাইরে রাজীব গান্ধীর অন্য এক পরিচয় তুলে ধরেছেন সোনিয়া।
আত্মজীবনীতে সোনিয়া জানিয়েছেন, রাজীবের হাত ধরেই ভারতীয় সংস্কৃতির সঙ্গে তাঁর প্রথম পরিচয় গভীর হয়েছিল। লন্ডনে একসঙ্গে থাকার সময় রাজীব তাঁকে দেখিয়েছিলেন সত্যজিৎ রায়ের বিখ্যাত অপু ট্রিলজি—‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’ এবং ‘অপুর সংসার’। পাশাপাশি দেখিয়েছিলেন মার্চেন্ট আইভরি প্রোডাকশনের ছবি ‘শেক্সপিয়র ওয়ালাহ’। সোনিয়ার কথায়, এই ছবিগুলি তাঁর সামনে ভারতীয় জীবনের নানা দিকের একটি ছোট জানালা খুলে দিয়েছিল।
শুধু সিনেমা নয়, সংগীত এবং ফটোগ্রাফির প্রতিও রাজীবের গভীর আগ্রহ ছিল। বাবার কাছ থেকে পাওয়া ফটোগ্রাফির শখে অবসর সময়ে ছবি তুলতেন তিনি। ইম্পিরিয়াল ল্যাবরেটরিতে গিয়ে নিজের তোলা ছবি নিজেই ডেভেলপ করতেন। সেই ছবির বিষয় হতেন সোনিয়া, তাঁদের বন্ধুবান্ধব এবং প্রকৃতি।
সংগীতের ক্ষেত্রেও রাজীবের পছন্দ ছিল বৈচিত্র্যময়। জ্যাজ, পপ থেকে ভারতীয় শাস্ত্রীয় সংগীত—সবেতেই আগ্রহ ছিল তাঁর। সোনিয়াকে উপহার দিয়েছিলেন মহম্মদ রফির গজলের রেকর্ড এবং পণ্ডিত রবিশঙ্করের সেতারের সুর। লন্ডনের এইচএমভি-র দোকানে দু’জনে ঘণ্টার পর ঘণ্টা গান শুনতেন।
রাজনীতির কঠিন অধ্যায়ের বাইরে এই স্মৃতিগুলি রাজীব-সোনিয়ার সম্পর্কের এক কোমল, সাংস্কৃতিক এবং ব্যক্তিগত দিক সামনে এনেছে।

Leave a Reply
You must be logged in to post a comment.